ভাইরাল খবর
কাশ্মীরে যুবকদের মৃত্যু ঘিরে উত্তেজনা, বিক্ষোভে পুলিশের লাথির ভিডিও ভাইরাল
ডিজিটাল ডেস্কঃ দক্ষিণ কাশ্মীরের কুলগাম থেকে গত মাসে নিখোঁজ হয়েছিলেন তিন যুবক। সম্প্রতি তাঁদের মধ্যে দুই যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এখনও পর্যন্ত তৃতীয় যুবকের কোনো খোঁজ মেলেনি। এই ঘটনার পর থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার মৃতদের পরিবারের সদস্য ও এলাকাবাসী রাস্তায় নেমে প্রতিবাদ জানান। তাঁদের অভিযোগ, যুবকদের ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে এবং পুলিশ এ বিষয়ে সত্য গোপন করছে।
আরও পড়ুনঃ আবু কাতালের হত্যার পর হাফিজ সইদের নিরাপত্তা জোরদার করল পাকিস্তান
বিক্ষোভ চলাকালীন এক মহিলাকে পুলিশের লাথি মারার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে তা ঘিরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কাশ্মীরের রাজনৈতিক নেতারা। পিডিপি নেত্রী ইলতিজা মুফতি এক্স-এ (সাবেক টুইটার) লিখেছেন, “একজন মহিলা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করছিলেন, অথচ পুলিশ তাঁকে লাথি মারল! এটি অত্যন্ত নিন্দনীয় এবং সাধারণ মানুষকে আরও দূরে সরিয়ে দেবে। আমি প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানাচ্ছি।”
অন্যদিকে, পিপলস কনফারেন্সের সভাপতি সাজ্জাদ লোন এই ঘটনাকে “লজ্জাজনক” বলে অভিহিত করেছেন। তিনি অভিযোগ করেন, “এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কাশ্মীরে প্রায়শই ঘটে।” ন্যাশনাল কনফারেন্সের সাংসদ আগা রাহুল্লা মেহেদি বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিধানসভায় আলোচনা দাবি করেছেন। সমালোচনার মুখে সোমবার জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় ডিআইজি স্তরের তদন্ত হবে এবং ১০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। তবে তদন্ত কতটা স্বচ্ছ হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
