খুন
‘নাবালিকাকে খুন করে মাটি চাপা দেওয়ার চেষ্টা’, জনতার রোষে মৃত্যু যুবকের
ডিজিটাল ডেস্কঃ বাঁকুড়া (Bankura) জেলার পাত্রসায়ের (Patrasayer) থানার অন্তর্গত এক গ্রামে ঘটে গেল নৃশংস ঘটনা। অভিযোগ, বছর দশেকের এক নাবালিকাকে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য মাটিতে পুঁতে ফেলতে চেয়েছিল এক যুবক। সেই ঘটনায় গ্রামবাসীদের গণধোলাইয়ের শিকার হয়ে মৃত্যু হল অভিযুক্তের।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে লালু লোহার (Lalu Lohar) নামের ওই যুবককে গ্রামের রাস্তায় ওই নাবালিকার (Minor Girl) সঙ্গে দেখেছিলেন স্থানীয় বাসিন্দারা। তারপর থেকে শিশুটির খোঁজ পাওয়া যাচ্ছিল না। সন্দেহ দানা বাঁধতেই সন্ধ্যায় স্থানীয়রা লালুকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করেন। মত্ত অবস্থায় যুবকের অসংলগ্ন কথায় গ্রামবাসীরা আঁচ করেন ভয়াবহ কিছু ঘটেছে।
লালুর দেখানো জায়গায় সদ্য খোঁড়া একটি গর্ত দেখতে পান গ্রামবাসীরা। পাশে পড়ে ছিল একটি কোদাল। কিছু দূরেই বিবস্ত্র অবস্থায় উদ্ধার হয় নাবালিকার মৃতদেহ। এরপর উত্তেজিত জনতা লালুর উপর চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করেন।
আরও পড়ুনঃ ‘তৃণমূলের পাশে মানেই পাপের সঙ্গী’— ভোটারদের উদ্দেশে বিজেপির সরাসরি বার্তা
খবর পেয়ে পাত্রসায়ের থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লালুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে (Bishnupur Super Speciality Hospital) নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিযুক্তের।
বিষ্ণুপুরের মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রকাশ দাস (Suprakash Das) জানান, ‘‘একটি গ্রামের ঘটনার খবর পেয়ে পুলিশ আহত এক যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে তার মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।’’
নাবালিকার পরিবারের পক্ষ থেকে খুন ও ধর্ষণের অভিযোগে (Murder and Rape Case) মামলা রুজু করা হয়েছে। যদিও অভিযুক্তের পরিবারের তরফে এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি।
ঘটনার জেরে এলাকায় প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী।
