ভাইরাল খবর
খগেন মুর্মুর ওপর হামলা, এসআইআর, নির্বাচনী প্রস্তুতি! বৈঠকে আপডেট চাইলেন মোদী
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক অবস্থান এবং সম্প্রতি বিজেপি সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu) উপর হওয়া হামলার বিষয় নিয়ে আজ প্রধানমন্ত্রীর দফতরে (PMO) গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন দুই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরসহ মোট ১২ জন বিজেপি সাংসদ। শারীরিক অসুস্থতার কারণে অনন্ত মহারাজ ও জলপাইগুড়ির বিধায়ক জয়ন্ত রায় অনুপস্থিত ছিলেন।
সূত্র মারফত জানা যায়, বৈঠকের শুরুতেই উঠে আসে খগেন মুর্মুর উপর অক্টোবরে পুজোর সময় উত্তরবঙ্গের নাগরাকাটা পরিদর্শনকালে হওয়া হামলার ঘটনা। সেই সময় প্রবল বর্ষণ ও বন্যার (Flood) কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখছিলেন তিনি ও বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)। পথেই বিক্ষোভের মুখে পড়ে তাঁদের গাড়িতে পাথর ছোঁড়া হয়। মারাত্মকভাবে আহত হন খগেন মুর্মু, যার ফলে তাঁর অস্ত্রোপচারও (Surgery) করতে হয়। এই পুরো ঘটনার কীভাবে সংঘটিত হয়েছিল, কারা জড়িত—এসব বিষয়ে বিস্তারিত জানতে চান প্রধানমন্ত্রী।
এছাড়াও, এসআইআর (SIR) প্রক্রিয়া যেন স্বচ্ছ ও জটিলতাহীন হয়, তা নিশ্চিত করতে বিশেষ নির্দেশ দেন তিনি। বৈধ ভোটার (Valid Voter) ছাড়া অন্য কারোর নাম তালিকায় না থাকার নির্দেশও দিয়েছেন মোদী।
বৈঠকে উঠে আসে বিজেপি নেতা-কর্মীদের উপর প্রশাসনিক চাপের অভিযোগ, দার্জিলিংয়ে উন্নয়নমূলক প্রকল্প থমকে থাকার কারণ, এবং ২০২৬ সালের নির্বাচনের (Election Strategy) প্রস্তুতি নিয়ে নানা আলোচনা। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য প্রধানমন্ত্রীকে শিগগিরই বাংলায় আসার অনুরোধ জানান। এদিকে, আলাদা সূত্রে জানা যায়, শুভেন্দু অধিকারী আজ দিল্লিতে গিয়েছেন এবং তাঁর অমিত শাহের সঙ্গে বৈঠক হতে পারে।


