দুর্ঘটনা
প্রজাতন্ত্র দিবসের আগে পঞ্জাবে রেললাইনে বিস্ফোরণ! নাশকতার ছক? তদন্তে পুলিশ
ডিজিটাল ডেস্কঃ ২৬ এই জানুয়ারির ঠিক আগে পঞ্জাবের (Punjab) রেলপথে বড়সড় বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য ছড়াল। ফতেগড় সাহিব জেলার (Fatehgarh Sahib) শ্রী হিন্দ স্টেশনের (Sirhind Station) কাছে বৃহস্পতিবার রাতে একটি রেললাইনে বিস্ফোরণ ঘটে। ঘটনার জেরে প্রায় ১৫ ফুট রেললাইন উড়ে যায় (Rail Track Damage) এবং একটি মালগাড়ির ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ বিস্ফোরণটি ঘটে। ঠিক সেই সময় ট্র্যাক দিয়ে যাচ্ছিল একটি মালবাহী ট্রেন (Goods Train)। বিস্ফোরণের তীব্রতায় ইঞ্জিন ছিটকে যায়। অল্পের জন্য প্রাণে বেঁচে যান লোকোপাইলট (Loco Pilot)। তিনি সামান্য আহত হলেও আশঙ্কামুক্ত বলে জানিয়েছে প্রশাসন।
ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পঞ্জাব পুলিশ (Punjab Police) ও রেল কর্তৃপক্ষ। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। প্রাথমিক তদন্তে অনুমান, এটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত নাশকতা (Sabotage) হতে পারে।
তদন্তকারীদের একাংশ মনে করছে, বিস্ফোরকের মাত্রা তুলনামূলকভাবে কম থাকায় বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে। তবে প্রজাতন্ত্র দিবসের আগে এই ধরনের ঘটনা হওয়ায় খালিস্তানপন্থী সংগঠনের (Khalistani Link) সম্ভাব্য যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলি পুরো ঘটনার গভীরে তদন্ত শুরু করেছে।


