আজই রাজ্যে আসছেন অমিত শাহ, যোগ দিতে পারেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-নেত্রীরা
Connect with us

রাজনীতি

আজই রাজ্যে আসছেন অমিত শাহ, যোগ দিতে পারেন তৃণমূলের বিক্ষুব্ধ নেতা-নেত্রীরা

Dipa Chakraborty

Published

on

নিউজ ডেস্ক , ২৯ জানুয়ারী : বিধানসভা নির্বাচন পাখির চোখ করে ফের ঠাসা কর্মসূচি নিয়ে তিন দিনের সফরে আজ রাতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় সূত্রে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যাবেন শহরের একটি পাঁচতারা হোটেলে।

শনিবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী সিআরপিএফের আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠক সেরে বিএসএফের হেলিকপ্টারে পৌঁছবেন মায়াপুরে। এরপর দুপুরে ইসকনের একটি অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি। বনগাঁর ঠাকুরনগরে ঠাকুরবাড়ি ময়দানে অমিত শাহ জনসভা করবেন। সন্ধ্যায় কলকাতার সায়েন্স সিটিতে এক বৈঠকে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ৩১ জানুয়ারিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দিতে পারেন বেশ কয়েকজন তৃণমূল নেতা সহ প্রাক্তন মন্ত্রীও৷ ইতিমধ্যেই দিলীপ ঘোষ ইঙ্গিত দিয়ে রেখেছেন যোগদানের তালিকা বেশ বড়সড়। বিধানসভা ভোটের আগে বিজেপির লক্ষ্য, তৃণমূল কংগ্রেসের ঘরে শুধু ভাঙ্গন ধরানোই নয়, যারা বিক্ষুব্ধ তাদেরকেও ধরে টেনে আনা৷ ধীরে ধীরে তৃণমূলের ঘরে বড়থাবা বসাতে পারলে বিজেপির জয়ের পথ সুগম হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ৷ আর সেকারণেই অমিত শাহর সভায় কারা কারা যোগদান করেন এখন সেদিকে লক্ষ্য রাখছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement