রাজনীতি
জেলা কমিটি নিয়ে রাতভর বৈঠক, বিজেপির ‘গোপন রণনীতি’ সামনে আসতে পারে শিগগিরই!
ডিজিটাল ডেস্কঃ টানা চারদিন ধরে চলা বৈঠকের শেষে বিজেপির জেলা কমিটি গঠনের পথে এক ধাপ এগোল রাজ্য নেতৃত্ব। পূর্বঘোষিত সূচি অনুযায়ী শুক্রবার (1st August) থেকে রবিবার (4th August) পর্যন্ত এই বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয় কলকাতায়। সোমবার ছিল আলোচনার শেষ পর্ব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya), কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) এবং দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল (Sunil Bansal)।
দলীয় সূত্রে খবর, আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যেই ৪৩টি সাংগঠনিক জেলার নতুন কমিটি গঠনের কাজ সম্পূর্ণ হবে। তবে এবারের কমিটি তৈরির ক্ষেত্রে গুরুত্ব পাচ্ছে অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব। সূত্রের মতে, দলে নতুন ও পুরনো—দু’পক্ষের মধ্যে ভারসাম্য রক্ষা করেই এগোতে চাইছে রাজ্য বিজেপি। যাতে ‘আদি বনাম নব্য’ বিরোধের পুনরাবৃত্তি না ঘটে।
আরও পড়ুনঃ হরিয়ানায় বাংলাভাষী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে সভা করলেন উত্তর দিনাজপুরের গোলাম সারোয়ার
এই বৈঠকে প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন শীর্ষ নেতারা। একইসঙ্গে রাজ্য বিজেপির সাতটি মোর্চা—যেমন যুব মোর্চা, মহিলা মোর্চা, কৃষক মোর্চা, তফসিলি জাতি ও উপজাতি মোর্চা, ওবিসি মোর্চার সঙ্গেও আলাদা বৈঠক করা হয়।
বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সঙ্ঘ পরিবার (RSS) ঘনিষ্ঠ কর্মীদের ওপর। পাশাপাশি, তৃণমূল থেকে আগত নেতাদের পরিবর্তে এবার গুরুত্ব পাচ্ছেন দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত পুরনো মুখরা। সব মিলিয়ে, আগামী জেলা কমিটিগুলোর গঠনই আগামী দিনে বঙ্গ বিজেপির সাংগঠনিক ভিত কতটা মজবুত হবে, তার ইঙ্গিত দেবে।
