উত্তর দিনাজপুর
পুলিশ আধিকারিককে পিটিয়ে খুনের অভিযোগ চাঞ্চল্য গোয়ালপোখরে
নিজস্ব সংবাদদাতা , গোয়ালপোখর , ১০ এপ্রিল : বিহারের কিশানগঞ্জ টাউন থানার এক পুলিস আধিকারিকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়।শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার পাঞ্জিপাড়া এলাকায়।
পুলিশের প্রাথমিক অনুমান অশ্বিনী কুমার নামে ওই আধিকারিককে খুন করা হয়েছে। তাকে পিটিয়ে মারা হয়েছে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে ,পাঞ্জিপাড়া এলাকায় অশ্বিনীবাবু তল্লাশি চালাতে এসেছিলেন।বিহার রাজ্য থেকে বাইক চুরি করে এক জায়গায় মজুত রাখার খবর পেয়ে তিনি তল্লাশি করতে এসেছিলেন। এরপর স্থানীয় কয়েকজন পুলিসকে ঘিরে ফেলে ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ইসলামপুর পুলিস জেলার সুপার সচিন মক্কর বলেন, ফিরোজ আলম নামে এক অভিযুক্ত ও তার ভাই আবুজার আলম এবং মা সাহিনুর খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতরা সকলেই পাঞ্জিপাড়া এলাকার বাসিন্দা।
