দেশ
কাজ শুরু করল উপকূলরক্ষী বাহিনীর নতুন জাহাজ বজ্র, দেশীয় প্রযুক্তিতে তৈরি বজ্র শত্রুপক্ষের ওপর রাখবে তীক্ষ্ণ নজর
নিউজ ডেস্ক , ২৫ মার্চ : প্রতিপক্ষের রাতের ঘুম উড়িয়ে নৌবাহিনী শক্তিশালী করল ভারত। দেশের জলসীমা মজবুত করে উপকূলীয় অঞ্চলে নজরদারি চালাতে টহল শুরু করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজিরদারি জাহাজ ‘বজ্র’।
উপকূলের সুরক্ষায় বজ্র কাজ শুরু করার সময় উপস্থিত ছিলেন ভারতীয় সেনার সর্বাধিনায়ক বিপিন রাওয়াত। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর হাতে এই নজরদারি জাহাজ আসার ফলে ভারতের ৭ হাজার ৫০০ কিলোমিটার দীর্ঘ উপকূল অঞ্চল এবং ২০ লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত নিজস্ব অর্থনৈতিক অঞ্চল সুরক্ষিত থাকবে। সেই সঙ্গে বাণিজ্যের জন্য ভারতের জলপথ ব্যবহারকারী ১ লক্ষেরও বেশি বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করবে বজ্র। নৌসেনা সূত্রে খবর, সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই জাহাজ তৈরি করা হয়েছে। এই জাহাজ হাতে পাওয়ার ফলে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর নজরদারি, তল্লাশি ও উদ্ধার কাজের দক্ষতা বৃদ্ধি পেয়েছে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী এখন বিশ্বের অন্যতম বৃহৎ উপকূল বাহিনী হয়ে উঠেছে। উপকূলীয় অঞ্চলের নিরাপত্তার পাশাপাশি ভারতের নিজস্ব অর্থনৈতিক অঞ্চলে সন্ত্রাস দমন এবং মাদক দ্রব্য চোরাচালান রোধে দিনরাত কাজ করবে বজ্র। জাহাজটিতে অত্যাধুনিক প্রযুক্তির দুটি নেভিগেশন রেডার এবং সর্বাধুনিক নৌচালনা ও যোগাযোগ ব্যবস্থা রয়েছে।
