দেশ
টিকাকরণ শুরুর দিনেও দেশে আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি, মৃত ১৭৫ জন
নিউজ ডেস্ক , ১৬ জানুয়ারী : করোনা টিকাকরণ শুরুর দিনেও থেমে নেই সংক্রমণ। শনিবার গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ হাজারের বেশি। যদিও কিছুটা স্বস্তি দিয়ে সুস্থতার সংখ্যা বেড়েছে ১৬ হাজারের বেশি। গত ২৪ ঘন্টায় করোনা সংক্রান্ত এই রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
গত বছর মার্চ মাস থেকে করোনা ভাইরাসের প্রকোপ দেখা দিতেই দেশজুড়ে হৈচৈ শুরু হয়ে যায়। মারণ করোনা ভাইরাসের কবলে পড়ে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। ফলে সারা বিশ্বের সঙ্গে ভারতের পরিস্থিতি ক্রমশ বিপর্যস্ত হয়ে পড়ে। কিভাবে এই অতিমারি থেকে রেহাই পাওয়া যায় তা নিয়ে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরাও। দীর্ঘ প্রায় ১০ মাস বাদে শনিবার থেকে দেশে শুরু হয়েছে করোনা টিকাকরণ কর্মসূচি। কোভ্যাকসিন এবং কোভিশিল্ড এই দুই টিকাই এখন করোনা মহামারি রোধে প্রধান অস্ত্র ভারতের। অথচ করোনা টিকাকরণ কর্মসূচি দিনেও গত ২৪ ঘন্টায় ১৫ হাজার মানুষ সংক্রমিত হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শনিনার সকালে যে রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে নতুন করে ১৫ হাজার ১৫৮ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ১৬ হাজার ৯৭৭ জন। তবে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ১৭৫ জন। সবমিলিয়ে গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্যা হল এক কোটি ৫ লক্ষ ৪২ হাজার ৮৪১। চিকিৎসাধীন রয়েছে ২ লক্ষ ১১ হাজার ৩৩ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ১ লক্ষ ৭৯ হাজার ৭১৫ জন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ৯৩ জনের।
