মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো মালদা জেলার তৃণমূল কংগ্রেস নেতা
Connect with us

মালদা

মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো মালদা জেলার তৃণমূল কংগ্রেস নেতা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , রতুয়া , ০৭ জানুয়ারী : মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ালো মালদা জেলার রতুয়া বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেস নেতা তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শেখ ইয়াসিন। বৃহস্পতিবার ওই পরিবারের হাতে নগদ কুড়ি হাজার টাকা দিয়ে সহযোগীতা করেন তিনি। আগামীদিনে ওই পরিবারটিকে ঘর পাইয়ে দেওয়ার পাশাপাশি তার দুই নাবালিকা মেয়েকে আগামীদিনে পড়াশোনা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে সব রকমের আর্থিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

উল্লেখ্য ভিন রাজ্যে কাজে গিয়ে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় পরিবারের সদস্য মোশারফ হোসেনের। এঘটনায় সরকারের কাছে সাহায্যের আবেদন জানান পরিবারের সদস্যরা। জানা গিয়েছে, রতুয়া-১ ব্লকের দেবীপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাকাইয়া গ্রামের শ্রমিক মোশারফ হোসেন (২৭) পেশায় রাজমিস্ত্রি। রুজি রোজগারের তাগিদে এলাকার অন্যান্য যুবকদের সাথে পাড়ি দিয়েছিল চেন্নাইয়ে কাজের সন্ধানে। সেখানে রাজমিস্ত্রির কাজে করতেন তিনি। মার্চ মাস থেকে হঠাৎ লকডাউন হওয়ার ফলে সে বাড়ি ফিরতে পারেনি। জুলাই মাসে সেখানে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা করাতে গিয়ে করোনা সংক্রমণ ধরা পড়ে তার শরীরে। সেখানে স্থানীয় কোভিড হাসপাতালে তার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা চলাকালীন জুলাই মাসের দশ তারিখে তার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ দেওয়া হয় তার পরিবারকে। চেন্নাইয়েই তাঁর মৃতদেহ কবরস্থ করা হয়। তার পরিবারে রয়েছে স্ত্রী আনুয়ারি খাতুন এবং দুই ছোট কন্যা সন্তান। মোশারফ ছিল পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। স্বামীর মৃত্যুর পর দুই শিশুকন্যাকে নিয়ে কোনরকমে সংসার অতিবাহিত করছেন তাঁর স্ত্রী। এব্যাপারে সরকারি সহায়তার আর্জি জানিয়েছে ওই পরিবারটি।