দেশের খবর
মোদির সেলফি ভিডিও কয়েক ঘণ্টা ফেসবুকে অদৃশ্য!প্রযুক্তিগত ত্রুটির কথা জানিয়ে ক্ষমা চাইল Meta
ডিজিটাল ডেস্কঃ নিট আন্দোলন (NEET Protest)-এর আবহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম ‘সেলফি ভিডিও’ (Selfie Video) ঘিরে তৈরি হল নতুন বিতর্ক। Gen Z-দের উদ্দেশে প্রকাশিত এই ভিডিওটি মঙ্গলবার গভীর রাতে হঠাৎই ভারতে ফেসবুকে (Facebook) দেখা যাচ্ছিল না। বিষয়টি সামনে আসতেই শুরু হয় জোর চর্চা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই ভিডিওটি ফের স্বাভাবিকভাবে দেখা যায়। পরে ফেসবুকের মালিক সংস্থা মেটা (Meta) জানায়, এটি সম্পূর্ণরূপে একটি প্রযুক্তিগত ত্রুটি (Technical Glitch)-র ফল।
জানা গিয়েছে, মঙ্গলবার রাত প্রায় ১টা ২৫ মিনিট নাগাদ ভিডিওটির নিচে থাকা “See Why” অপশনে ক্লিক করলে একটি নোটিস দেখা যাচ্ছিল। সেখানে লেখা ছিল, একটি আইনি অনুরোধ (Legal Request)-এর ভিত্তিতে ভারতের ব্যবহারকারীদের (Indian Users) জন্য ওই কনটেন্টের অ্যাক্সেস সীমিত করা হয়েছে। তবে কোন কর্তৃপক্ষের অনুরোধে বা কোন আইনের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল, সে বিষয়ে কোনও তথ্য উল্লেখ করা হয়নি।
এই ভিডিওটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছিল। অল্প সময়ের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ ভিডিওটি দেখেন এবং তা ভাইরাল (Viral) হয়ে যায়। ফলে জনপ্রিয় ভিডিওটি হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়ায় নানা প্রশ্ন ও জল্পনা তৈরি হয়।
পরে মেটার এক মুখপাত্র জানান, ভুলবশত ভিডিওটি সরিয়ে গিয়েছিল এবং দ্রুত তা পুনরুদ্ধার (Restore) করা হয়েছে। সংস্থা এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে। সূত্রের দাবি, এটি কোনও ইচ্ছাকৃত ব্লক নয়, বরং সম্পূর্ণ প্রযুক্তিগত সমস্যার ফল।
এদিকে সরকারি সূত্রের দাবি, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়ে মেটার ব্যাখ্যা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনে সংস্থার কর্মকর্তাদের তলব (Summon) করা হতে পারে।
উল্লেখ্য, ওই সেলফি ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিট পরীক্ষার্থীদের পাশে থাকার বার্তা দেন এবং প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেন। পরদিন তিনি আরও একটি ভিডিও প্রকাশ করে দর্শকদের ইতিবাচক সাড়া ও সমর্থনের জন্য ধন্যবাদও জানান।
