ভাইরাল খবর
মিত্র ইনস্টিটিউশনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর! পাঠ্যসূচিতে এবার শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস, বরাদ্দ ২৫ লক্ষ টাকা
ডিজিটাল ডেস্কঃ ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশন (Mitra Institution)-এ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী তথা স্থানীয় বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ (academic year) থেকে পশ্চিমবঙ্গের স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যসূচি (curriculum)-তে শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন ও অবদান অন্তর্ভুক্ত করা হবে। এতে তাঁর পশ্চিমবঙ্গ সৃষ্টিতে ভূমিকা, রাষ্ট্রনীতি, শিল্পমন্ত্রী হিসেবে অবদান এবং শিক্ষা ক্ষেত্রে কাজ বিস্তারিতভাবে পড়ানো হবে।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী আরও জানান, মিত্র ইনস্টিটিউশনের পরিকাঠামো উন্নয়ন ও সংস্কার (renovation)-এর জন্য তাঁর বিধায়ক তহবিল (MLA Fund) থেকে ২৫ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। পাশাপাশি কলকাতা পুরসভাকে দ্রুত ইঞ্জিনিয়ার পাঠিয়ে সংস্কার পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে। স্কুলটিকে কেন্দ্রীয় প্রকল্প ‘পিএম শ্রী’ (PM SHRI)-এর আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও ঘোষণা করেন তিনি।
এছাড়া তথ্য ও সংস্কৃতি দফতরের অধীন ২০০ কোটি টাকার একটি প্রকল্প থেকে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার সম্ভাবনাও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়। ছাত্রছাত্রীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ভগিনী নিবেদিতার লেখা বই উপহার দেওয়ার কথাও ঘোষণা করেন। তিনি বলেন, নতুন প্রজন্মকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করতে “নেশন ফার্স্ট” (Nation First) ভাবনা গ্রহণ করতে হবে।
শিক্ষাক্ষেত্রে শ্যামাপ্রসাদের অবদানকে তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, তাঁর আদর্শ ও ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি। মিত্র ইনস্টিটিউশনকে কেন্দ্র করে নেওয়া এই সিদ্ধান্তগুলি রাজ্যের শিক্ষা নীতি ও সাংস্কৃতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসনিক মহল।
