ভাইরাল খবর
জামাইষষ্ঠীর মুখে ইলিশপ্রেমীদের জন্য বড় সুখবর! মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কাটল ট্রলারগুলির বড় বাধা
ডিজিটাল ডেস্কঃ জামাইষষ্ঠীর আগে ইলিশপ্রেমীদের জন্য এল বড় সুখবর। গভীর সমুদ্রে (Deep Sea) মাছ ধরতে যাওয়া ট্রলারগুলির সামনে তৈরি হওয়া ডিজেল (Diesel) সংকটের জট অবশেষে কাটল রাজ্য সরকারের হস্তক্ষেপে। ফলে স্বস্তি ফিরেছে মৎস্যজীবী মহলে।
সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতি ও যুদ্ধজনিত কারণে জ্বালানি (Fuel) আমদানিতে প্রভাব পড়ে। তার জেরে পূর্ব মেদিনীপুরের একাধিক পেট্রোল পাম্পে (Petrol Pump) নির্দিষ্ট পরিমাণের বেশি ডিজেল বিক্রিতে সীমাবদ্ধতা আরোপ করা হয়েছিল। এতে বিপাকে পড়েন ট্রলার মালিক ও মৎস্যজীবীরা।
মৎস্যজীবীদের দাবি, গভীর সমুদ্রে ইলিশ ধরতে একটি ট্রলারের ৫,০০০ থেকে ৭,০০০ লিটার ডিজেল প্রয়োজন হয়। অথচ অনেক ক্ষেত্রে ২,০০০ লিটারের বেশি জ্বালানি মিলছিল না। এই পরিস্থিতিতে দিঘা-সহ বিভিন্ন ট্রলার সংগঠন ও দক্ষিণবঙ্গ মৎস্যজীবী ফোরাম মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানায়।
এরপর খাদ্য ও সরবরাহ দফতর (Food & Supplies Department) তেল বিপণনকারী সংস্থাগুলির সঙ্গে আলোচনা করে ট্রলারগুলির জন্য ডিজেল সরবরাহের ঊর্ধ্বসীমা তুলে দেওয়ার উদ্যোগ নেয়। ফলে এখন ট্রলারগুলির জ্বালানি সংগ্রহে বড় বাধা থাকছে না।
১৪ জুন ব্যান পিরিয়ড (Ban Period) শেষ হওয়ার পর থেকেই হাজার হাজার ট্রলার সমুদ্রে নামতে শুরু করেছে। মৎস্যজীবীদের আশা, এ বছর ইলিশের ফলন ভালো হবে এবং জামাইষষ্ঠীর বাজারে পর্যাপ্ত ইলিশের জোগান মিলবে।
