উত্তরবঙ্গ
আজ কার্শিয়াংয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! প্রশাসনিক ও রাজনৈতিক কর্মসূচিতে ঠাসা সূচি
ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী হওয়ার পর মঙ্গলবার প্রথমবারের মতো পাহাড় সফরে এসেছেন শুভেন্দু অধিকারী। তাঁর এই সফরকে ঘিরে দার্জিলিং, কার্শিয়াং ও কালিম্পং জুড়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সকালেই তিনি কার্শিয়াংয়ের গোথেলস মেমোরিয়াল স্কুলে আয়োজিত জনকল্যাণ শিবিরে অংশ নেবেন। সেখানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা (Government Schemes Benefits) উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার কথা রয়েছে।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী সকালে রওনা দিয়ে বাগডোগরা বিমানবন্দরে (Bagdogra Airport) পৌঁছন। সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি অনুকূল থাকলে বিশেষ হেলিকপ্টার (Helicopter) বা বায়ুসেনার চপার (Air Force Chopper)-এ কার্শিয়াংয়ে পৌঁছবেন। আবহাওয়া প্রতিকূল হলে সড়কপথেও যাওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। সরকারি কর্মসূচির পাশাপাশি কার্শিয়াংয়ের মন্টেভিওট গ্রাউন্ডে (Monteviot Ground) বিজেপির জনসভাতেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে পাহাড়, তরাই ও ডুয়ার্সের মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। বিজেপি নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রীর এই সফর পাহাড়বাসীর দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারে।
দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিকে কেন্দ্র করে সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পাহাড়ের তিন বিজেপি বিধায়কও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যদিও শিলিগুড়ির বিধায়ক ও পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ এই সফরে থাকছেন না। বিধানসভা অধিবেশন (Assembly Session) শুরুর আগে একাধিক প্রশাসনিক বৈঠকে যোগ দেওয়ার প্রয়োজন থাকায় তিনি কলকাতায় ফিরে যাচ্ছেন।
এদিকে, সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রবীণ সিপিএম নেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর ফোনে কথা হয়েছিল। সেই সময় তাঁকে দেখার ইচ্ছার কথা জানিয়েছিলেন শুভেন্দু। ফলে আজকের সফরে তিনি অশোক ভট্টাচার্যের বাড়িতে যাবেন কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। পাহাড়ের তিনটি বিধানসভা কেন্দ্র এবং দার্জিলিং কেন্দ্র বর্তমানে বিজেপির দখলে। এমন পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর প্রথম পাহাড় সফরকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। পাহাড়বাসীর নজর এখন মুখ্যমন্ত্রীর বক্তব্য ও সম্ভাব্য ঘোষণার দিকে।
