ভাইরাল খবর
আজ থেকেই পড়ুয়াদের পাতে ইসকনের খাবার! তারাতলার মেগা কিচেনের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ডিজিটাল ডেস্কঃ আজ থেকেই (1 August) পশ্চিমবঙ্গের সরকারি স্কুলের পড়ুয়াদের পাতে পৌঁছতে শুরু করল ইসকনের (ISKCON) রান্না করা মিড ডে মিল (Mid-Day Meal)। পূর্বঘোষণা অনুযায়ী তারাতলায় (Taratala) মেগা কিচেন (Mega Kitchen)-এর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। উদ্বোধনের আগে ইসকনের আয়োজিত যজ্ঞে অংশ নেন তিনি। পরে রান্নাঘর ঘুরে দেখার পাশাপাশি নিজেও প্রতীকীভাবে মিড ডে মিল রান্নায় অংশ নেন।
মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল এবং স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতীকীভাবে পাঁচটি সরকারি স্কুলের ৪০ জন পড়ুয়া উপস্থিত ছিলেন। পাশাপাশি খাবার সরবরাহের জন্য ইলেকট্রিক ভেহিকল (Electric Vehicle)-এরও ফ্ল্যাগ অফ করেন মুখ্যমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী জানান, ইসকনের অন্নামৃত ফাউন্ডেশন (Annamrita Foundation)-এর মাধ্যমে সরকারি স্কুলে পুষ্টিকর খাবার সরবরাহ শুরু হয়েছে। তিনি বলেন, এই উদ্যোগ রাজ্য সরকারের সঙ্গে ইসকনের যৌথ প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং এর জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, পাইলট প্রকল্প হিসেবে কলকাতার ৩১৯টি সরকারি স্কুলে প্রায় ৩০ হাজার পড়ুয়ার জন্য প্রতিদিন কেন্দ্রীয় রান্নাঘরে খাবার তৈরি হবে। সেখান থেকে নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যবিধি মেনে সিল করা কনটেনারে খাবার স্কুলে পৌঁছে দেওয়া হবে। উত্তর ও দক্ষিণ কলকাতার স্কুলগুলিতে এই পরিষেবা চালু হয়েছে।
সরকার জানিয়েছে, কোয়ালিটি (Quality), হাইজিন (Hygiene), পুষ্টিমান এবং সময়মতো সরবরাহ নিশ্চিত করতেই এই কেন্দ্রীয় রান্নাঘর ব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে স্পষ্ট করা হয়েছে, নির্ধারিত দিনগুলিতে পড়ুয়াদের ডিম দেওয়া বন্ধ হচ্ছে না। ইসকনের খাবারের পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে আলাদা করে ডিম সরবরাহ করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, আগামী তিন মাসে প্রায় আড়াই লক্ষ পড়ুয়ার কাছে এই পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক স্তরে মিড ডে মিলের বরাদ্দ মাথাপিছু ১০ টাকা করা হয়েছে। রান্নার সঙ্গে যুক্ত কর্মীদের মাসিক ভাতাও ২,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হয়েছে।
