দুর্ঘটনা
আলিপুরে জেলা পরিষদ ভবনে বিধ্বংসী অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল আদালত চত্বর
ডিজিটাল ডেস্কঃ বুধবার ব্যস্ত সকালে কলকাতার আলিপুরে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আট তলা সরকারি ভবনে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের (Fire Accident) ঘটনা ঘটে। সকাল পৌনে ১০টা নাগাদ বহুতলটির চতুর্থ তলা থেকে প্রথম কালো ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পঞ্চম ও ষষ্ঠ তলাতেও। প্রত্যক্ষদর্শীদের দাবি, এসি-র শর্ট সার্কিট (Short Circuit) থেকেই এই আগুনের সূত্রপাত। তীব্র তাপে জানলার কাচ ভেঙে পড়তে থাকে এবং একের পর এক এসি মেশিন ব্লাস্ট (Blast) হতে শুরু করে।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের অন্তত ১০টি ইঞ্জিন (Fire Engine) এবং আলিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এলাকাটি সংকীর্ণ এবং চারপাশে বড় গাছ থাকায় দমকলের ল্যাডার (Ladder) ব্যবহার করতে বেগ পেতে হয়। পরে দমকলকর্মীরা সাব-রেজিস্ট্রার অফিসের ছাদ থেকে হোস পাইপের (Hose pipe) মাধ্যমে জল দেওয়ার কাজ শুরু করেন। সিঁড়ি ধোঁয়ায় ঢেকে যাওয়ায় জানলার কাচ ভেঙে ভেতরে জল দেওয়া হয়।
ভবনের ছাদে আটকে পড়া রংমিস্ত্রি ও কর্মীদের দড়ির সাহায্যে নিরাপদে উদ্ধার (Rescue) করা সম্ভব হয়েছে। দমবন্ধ পরিস্থিতি মোকাবিলায় দমকলকর্মীরা অক্সিজেন সিলিন্ডার (Oxygen Cylinder) ও ব্রিদিং মেশিন (Breathing machine) ব্যবহার করেন। সুরক্ষার খাতিরে ওই ভবন ও পার্শ্ববর্তী সাব-রেজিস্ট্রার অফিসের বিদ্যুৎ সংযোগ (Electricity connection) বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। কোনো প্রাণহানি না ঘটলেও, জেলা পরিষদের এই গুরুত্বপূর্ণ অফিসে থাকা বহু সরকারি নথি (Documents) পুড়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে।
