ভাইরাল খবর
এক মাসেই তৈরি হচ্ছে ‘নতুন বাংলা’! প্রধানমন্ত্রীর রাজ্য সফরের আগে দাবি দিলীপ ঘোষের
ডিজিটাল ডেস্কঃ বাংলায় ক্ষমতা দখলের পর এক মাস পূর্ণ হতেই ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস’ (West Bengal Foundation Day) উপলক্ষে তাঁর এই হাই-প্রোফাইল সফর হতে চলেছে। শনিবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মেগা সফরের কথা ঘোষণা করেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। ২০ জুনের মূল অনুষ্ঠানে যোগ দেওয়া ছাড়াও ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উপলক্ষে কলকাতায় বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এছাড়া হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে একটি মেগা জনসভাও (Mega rally) করতে পারেন তিনি।
কেন্দ্র ও রাজ্যের এই ‘ডবল ইঞ্জিন’ (Double engine) সমন্বয়ের প্রশংসা করে দিলীপ ঘোষ দাবি করেন, নতুন সরকার এক মাসেই যে সমস্ত বড় সিদ্ধান্ত নিয়েছে, তা ইতিহাসের পাতায় বিরল। তবে শুধু উন্নয়নের খতিয়ান দেওয়াই নয়, লোকসভায় তৃণমূলের সংসদীয় দল টিকিয়ে রাখা নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়েছেন তিনি। বিধানসভায় ইতিমধ্যেই তৃণমূলের পরিষদীয় দলে ধস নেমেছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিক্ষুব্ধ ৫৮ জন বিধায়ক আলাদা গোষ্ঠী তৈরি করেছেন। এই আবহে লোকসভার সাংসদদের নিয়েও বড়সড় ভাঙনের (Defection) ইঙ্গিত দিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ করেন, “দেখা যাক লোকসভায় ওই পার্টিটা আর কতদিন আস্ত থাকে! লোকসভায় ওদের দলের নেতা কে থাকবেন, সেটাই দেখার।”
বিজেপির দাবি, ১৯৪৭ সালের ২০ জুন ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতের অংশ হিসেবে পশ্চিমবঙ্গ গঠনের ঐতিহাসিক প্রস্তাব পেশ করেছিলেন। পূর্বতন তৃণমূল সরকারের আমলে এই দিনটি পালনে বাধা দেওয়ার অভিযোগ থাকলেও, এবার সরকারিভাবেই সাড়ম্বরে উদযাপিত হবে এই দিনটি। পাশাপাশি, কেন্দ্রে মোদী সরকারের ১২ বছর পূর্তি (12th anniversary) উপলক্ষে আগামী ২১ জুন পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ প্রচার ও জনসংযোগ কর্মসূচি (Public relations campaign) চালানো হবে।
