চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে নতুন মোড়! সিবিআইয়ের চাপে পড়ে আত্মসমর্পণ কুখ্যাত গ্যাংস্টারের
Connect with us

ভাইরাল খবর

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে নতুন মোড়! সিবিআইয়ের চাপে পড়ে আত্মসমর্পণ কুখ্যাত গ্যাংস্টারের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে এক বড়সড় অগ্রগতি হলো। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উত্তরপ্রদেশের বালিয়া থেকে গোলু সিং ওরফে টাইগার নামে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে সিবিআই (CBI)। অন্যদিকে, এই মামলার অন্যতম সন্দেহভাজন তথা উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার (Gangster) জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু পুরনো একটি গ্যাংস্টার অ্যাক্ট মামলায় বালিয়া আদালতে গিয়ে আত্মসমর্পণ (Surrender) করেছে। আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে (Judicial Custody) পাঠিয়ে মৌ-এর জেলা সংশোধনাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছে।

মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীর শপথগ্রহণের আগেই গত ৬ মে রাতে নিজাম প্যালেস থেকে ফেরার পথে মধ্যমগ্রামে মাত্র ৫০ সেকেন্ডের এক নৃশংস ‘অপারেশনে’ পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালিয়ে খুন করা হয় চন্দ্রনাথ রথকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করে ঘটনার তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ (CCTV Footage) বাজেয়াপ্ত করার পর এবং সিবিআই আধিকারিকদের লাগাতার তল্লাশি ও পারিবারিক জিজ্ঞাসাবাদের চাপে পড়েই মনু আদালতে আত্মসমর্পণ করে বলে তার আইনজীবীর দাবি। যদিও মনুর স্ত্রী মহিমা সিংয়ের দাবি, তার স্বামীকে এই খুনের মামলায় মিথ্যা ফাঁসানো হচ্ছে। তবে সম্প্রতি মনুর একটি সোশ্যাল মিডিয়া (Social Media) ভিডিও ভাইরাল হয়, যেখানে সে গ্রামেরই কিছু বাসিন্দাকে এই খুনের মূল চক্রী বলে দাবি করেছিল।

সিবিআই সূত্রে খবর, এর আগে মুজফ্ফরনগর থেকে রাজকুমার সিং এবং ফেফনা থেকে নবীন কুমার সিংকে গ্রেফতার করা হয়েছিল। রাজকুমারের ঘনিষ্ঠ বন্ধু মনুর আত্মসমর্পণের কিছুক্ষণের মধ্যেই সিবিআই অপর সহযোগী গোলু সিংকে গ্রেফতার করে। গোলুকে জেরার জন্য ৪৮ ঘণ্টার ট্রানজিট রিমান্ড (Transit Remand) মঞ্জুর করেছে আদালত এবং তাকে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য কলকাতায় আনা হচ্ছে। তদন্তকারীদের ধারণা, বিহার ও উত্তরপ্রদেশের পূর্বাঞ্চল জুড়ে সক্রিয় একটি পেশাদার শুটার (Sharp Shooter) চক্র এই সুপরিকল্পিত হত্যাকাণ্ডের সাথে জড়িত। গোলু ও মনুকে জেরা করে এই স্পর্শকাতর খুনের ঘটনার নেপথ্যের আসল রহস্য ও মোটিভ (Motive) উন্মোচিত হবে বলে আশা করছে কেন্দ্রীয় সংস্থা।

Continue Reading
Advertisement