রাজনীতি
পাটখেতে তৃণমূল নেতার ‘গুপ্তধন’ হদিস! সরকারি ত্রিপল খুঁজতে গিয়ে মিলল টাকার পাহাড়
ডিজিটাল ডেস্কঃ উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূল নেতার ‘গুপ্তধন’ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। মঙ্গলবার বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান (Chairman) দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করার পর তাঁর কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে নগদ ৮০ লক্ষ টাকা উদ্ধার করেছিল পুলিশ। কিন্তু জেরা (Interrogation) চলাকালীন জানা যায়, আসল চমক লুকিয়ে রয়েছে মাটির নিচে! ধৃত তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে বুধবার বাদুড়িয়ার পুরএলাকায় ঘটনার পুনর্নির্মাণ (Reconstruction) করতে যায় পুলিশ। আর সেখানেই মেলে টাকার পাহাড়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে দীপঙ্করের বাড়ির পাশের একটি পাটখেতে চাষিরা মাটির তলায় সন্দেহজনক কিছু পোঁতা রয়েছে বলে দেখতে পান। তড়িঘড়ি খবর দেওয়া হয় থানায়। পুলিশ অভিযুক্ত পুরপ্রধানকে সাথে নিয়ে ঘটনাস্থলে (Spot) পৌঁছায় এবং মাটি খোঁড়া শুরু হতেই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। মাটির তলা থেকে উদ্ধার হয় একাধিক বস্তা এবং ট্রলিব্যাগ (Trolley bag), যা সম্পূর্ণ টাকায় ঠাসা ছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, বাজেয়াপ্ত (Seized) হওয়া এই বিপুল অঙ্কের টাকা কয়েক কোটি ছাড়িয়ে যেতে পারে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের যেকোনো নোটিস বা চিঠির প্রয়োজন হলেই চেয়ারম্যান হাজার হাজার টাকা ঘুষ নিতেন। বেগতিক বুঝে বাঁচার জন্য তিনি এই বিপুল টাকা এবং ট্রলিভর্তি সোনা মাটির তলায় পুঁতে রেখেছিলেন।
এই ঘটনায় বিজেপি বিধায়ক সজল ঘোষ বলেন— “পাটখেতে টাকার গাছ পুঁতেছিল তৃণমূল। এখন বীজ উপড়ে আনছে পুলিশ। এইটুকু এলাকায় যদি এত কোটি কোটি টাকা কামিয়ে থাকে, তাহলে ভাবতে হবে কত টাকা লুট হয়েছে!”
উল্লেখ্য, সোমবার গভীর রাতে ওই কম্পিউটার সেন্টারে বিপুল পরিমাণ সরকারি ত্রিপল মজুত থাকার অভিযোগে পুলিশ সেখানে তালা ভেঙে ঢোকে। তল্লাশি (Search) চালাতেই থরে থরে সাজানো টাকার সন্ধান মেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় কমব্যাট ফোর্স (Combat force) মোতায়েন করা হয় এবং টাকা গোনার জন্য ৩টি কাউন্টিং মেশিন (Counting machine) আনা হয়। বর্তমানে পুরো এলাকাটি পুলিশি প্রহরায় ঘিরে রাখা হয়েছে।

