এবার সরকারি স্কুলের পোশাক নিয়েও দুর্নীতি! রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
Connect with us

ভাইরাল খবর

এবার সরকারি স্কুলের পোশাক নিয়েও দুর্নীতি! রিপোর্ট তলব করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ রাজ্যের সরকারি স্কুলগুলির ইউনিফর্ম (School Uniform) সরবরাহে দুর্নীতির অভিযোগ ঘিরে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। তৃণমূল (TMC) জমানায় পড়ুয়াদের জন্য সরবরাহ করা ইউনিফর্মে নিম্নমানের কাপড় (Poor Quality Fabric) ব্যবহারের অভিযোগ সামনে আসতেই ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। সোমবার নবান্নে প্রশাসনিক বৈঠকে বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেন তিনি।

দীর্ঘদিন ধরেই অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের একাংশের অভিযোগ ছিল, সরকারি নির্দেশিকা অনুযায়ী নির্ধারিত মানের কাপড় ব্যবহার না করায় ইউনিফর্ম খুব দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও পোশাকের মাপ ঠিক হয়নি, কোথাও আবার নির্ধারিত সময়েও ইউনিফর্ম পৌঁছয়নি বলে অভিযোগ ওঠে।

নবান্ন সূত্রে খবর, বৈঠকে মুখ্যমন্ত্রী সরাসরি প্রশ্ন তোলেন— সরকারি গাইডলাইন (Guideline) উপেক্ষা করে কীভাবে নিম্নমানের ইউনিফর্ম সরবরাহের অনুমোদন দেওয়া হল? তিনি বস্ত্র দপ্তরের আধিকারিকদের কাছে জানতে চান, কোন সংস্থাগুলি বরাত পেয়েছিল এবং তারা আদৌ নির্ধারিত মান বজায় রেখেছিল কি না। পাশাপাশি অর্থ দপ্তরের কাছেও জানতে চাওয়া হয়েছে, কোন রিপোর্ট বা অনুমোদনের ভিত্তিতে কোটি কোটি টাকার বিল পাশ করা হয়েছিল।

Advertisement
ads

প্রশাসনিক সূত্রের দাবি, মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে সরকারি প্রকল্পে কোনও ধরনের দুর্নীতি বা গাফিলতি বরদাস্ত করা হবে না। তিনি দুই দপ্তরকেই পূর্ণাঙ্গ তদন্ত করে বিস্তারিত লিখিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, তদন্তে দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্ট সংস্থা ও আধিকারিকদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।

Continue Reading
Advertisement