ভাইরাল খবর
‘ডায়মন্ড হারবার মডেল’ এবার ‘হার-বার মডেল’! ফলতার রেজাল্ট আসতেই অভিষেককে তোপ মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক তরজা আরও তীব্র হল। বিজেপি (BJP) প্রার্থীর বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ায় (Social Media) দীর্ঘ পোস্ট করে তিনি দাবি করেন, একসময় চর্চিত ‘ডায়মন্ড হারবার মডেল’ এখন কার্যত ‘তৃণমূলের হার-বার মডেল’-এ পরিণত হয়েছে।
ফলতা বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডাকে বিপুল ভোটে জয়ী করায় এলাকার ভোটারদের ধন্যবাদ জানান শুভেন্দু। তিনি বলেন, বিজেপি প্রার্থীকে এক লক্ষ ভোটে জেতানোর আবেদন করেছিলেন, কিন্তু মানুষের সমর্থনে জয়ের ব্যবধান এক লক্ষ আট হাজার ছাড়িয়েছে। উন্নয়নের মাধ্যমে মানুষের এই আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
পোস্টে তৃণমূল কংগ্রেসকে (TMC) নিশানা করে শুভেন্দু অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে “সিন্ডিকেট রাজ” (Syndicate Raj), “থ্রেট কালচার” (Threat Culture) এবং তোলাবাজির মাধ্যমে সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। ক্ষমতা হারানোর পর দলের প্রকৃত চেহারা সামনে এসেছে বলেও দাবি করেন তিনি।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করেই ‘প্যারাসুটে নামা সেনাপতি’ বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, গণতন্ত্রকে প্রভাবিত করে অতীতে ফলতা কেন্দ্র থেকে বিপুল ভোটের লিড নেওয়া হয়েছিল। তবে ১৫ বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পেয়েই বাস্তব ফল প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে শুভেন্দুর দাবি, তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কেবল শুরু হয়েছে। আগামী দিনে নির্বাচনে ‘নোটা’ (NOTA)-র সঙ্গেও তৃণমূলকে কঠিন লড়াই করতে হবে বলেও কটাক্ষ করেন তিনি।
