অনুপ্রবেশকারীদের তাড়াতে বাংলায় বড় পদক্ষেপ! জেলায় জেলায় 'হোল্ডিং সেন্টার' তৈরির নির্দেশ নবান্নের
Connect with us

ভাইরাল খবর

অনুপ্রবেশকারীদের তাড়াতে বাংলায় বড় পদক্ষেপ! জেলায় জেলায় ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ নবান্নের

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ অবৈধ অনুপ্রবেশ (Illegal Immigration) রুখতে বড় পদক্ষেপ নিল রাজ্যের স্বরাষ্ট্র দফতর (Home Department)। বাংলাদেশি ও রোহিঙ্গা (Rohingya) সন্দেহে চিহ্নিত ব্যক্তিদের রাখার জন্য রাজ্যের প্রতিটি জেলায় বিশেষ ‘হোল্ডিং সেন্টার’ (Holding Center) তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, পরিচয় যাচাই, আইনি প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওই কেন্দ্রগুলিতে রাখা হতে পারে সন্দেহভাজনদের।

নবান্নের নির্দেশিকায় বলা হয়েছে, যাঁদের বৈধ নথিপত্র নেই বা যাঁদের বিরুদ্ধে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ রয়েছে, তাঁদের সরাসরি জেলে না পাঠিয়ে এই বিশেষ কেন্দ্রে রাখা হবে। সেখানে নিরাপত্তা (Security), নজরদারি (Surveillance) এবং বায়োমেট্রিক তথ্য সংগ্রহের বিশেষ ব্যবস্থা থাকবে। বিদেশি নাগরিকদের পরিচয় নিশ্চিত করতে দূতাবাস এবং কেন্দ্রীয় সংস্থার সঙ্গেও যোগাযোগ রাখা হবে।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ২০২৫ সালের ২ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) ফরেনার্স ডিভিশনের জারি করা নির্দেশিকা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পরে ভারতে প্রবেশ করা বাংলাদেশি ও রোহিঙ্গাদের চিহ্নিত করার উপর জোর দেওয়া হয়েছে। সংশোধনাগার (Correctional Home) থেকে মুক্তি পাওয়া বিদেশি বন্দিদেরও এই হোল্ডিং সেন্টারে রাখা হতে পারে।

Advertisement
ads ads

রাজ্য সরকারের নতুন ‘ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট’ (Detect-Delete-Deport) নীতিকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। একদিকে জাতীয় নিরাপত্তার স্বার্থে কড়া পদক্ষেপের দাবি উঠেছে, অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলির একাংশ প্রশ্ন তুলেছে, শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করা হলে মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি হতে পারে।

নির্দেশিকার কপি ইতিমধ্যেই সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার, কমিশনারেট এবং বিএসএফ (BSF)-এর সংশ্লিষ্ট কর্তাদের কাছে পাঠানো হয়েছে। প্রশাসনের দাবি, সীমান্তবর্তী রাজ্য হওয়ায় অনুপ্রবেশ রুখতে এবার আরও কড়া নজরদারি চালানো হবে।