দেশের খবর
বিদেশ সফর সেরেই আজ অ্যাকশনে মোদী! ২০২৬ সালের প্রথম হাই-প্রোফাইল বৈঠক প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ বিদেশ সফর শেষ করে দেশে ফিরেই বৃহস্পতিবার জরুরি মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিকেল চারটেয় দিল্লির ‘সেবা তীর্থ’-এ এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। বৈঠকে সমস্ত কেন্দ্রীয় মন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, এটি শুধু প্রশাসনিক বৈঠক নয়, বরং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গ ও অসম বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্যের পর কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড় রদবদল (Cabinet Reshuffle)-এর সম্ভাবনা আরও জোরালো হয়েছে। সূত্রের দাবি, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ ও দক্ষিণ ভারতের প্রতিনিধিত্ব বাড়াতে নতুন মুখ আনা হতে পারে।
এই আবহে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-র দিল্লি সফরও রাজনৈতিক মহলে নতুন জল্পনা তৈরি করেছে। বাংলা থেকে একাধিক সাংসদকে পূর্ণমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় জায়গা দেওয়া হতে পারে বলেও আলোচনা শুরু হয়েছে।
বৈঠকে পশ্চিম এশিয়ার (West Asia Conflict) বর্তমান পরিস্থিতি এবং তার ভারতের অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়েও বিশদ আলোচনা হতে পারে। ইরান-ইজরায়েল সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি, জ্বালানি (Fuel) সরবরাহ এবং মুদ্রাস্ফীতি নিয়ে কেন্দ্র উদ্বিগ্ন। ইতিমধ্যেই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রীগোষ্ঠী গঠন করা হয়েছে। সেখানে রয়েছেন অমিত শাহ, নির্মলা সীতারমণ এবং হরদীপ সিং পুরী।
আগামী ১০ জুন ‘মোদী ৩.০’ সরকারের প্রথম বর্ষপূর্তি। তার আগেই মন্ত্রিসভায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এখন নজর আজকের বৈঠকের সিদ্ধান্তের দিকেই।


