রাজনীতি
বিকেল নয়, এবার সকালেই মন্ত্রিসভা! নবান্নে মমতা আমলের চেনা ছবি বদলালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
ডিজিটাল ডেস্কঃ মাত্র এক সপ্তাহের মধ্যেই বদলে গিয়েছে নবান্নের (Nabanna) চেনা ছবি। সোমবার সকাল ১১টায় বসছে নতুন সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠক (Second Cabinet Meeting), যা গত ১০ বছরে এই প্রথম এত সকালে অনুষ্ঠিত হতে চলেছে। প্রশাসনিক মহলে এই বৈঠক ঘিরে তীব্র জল্পনা তৈরি হয়েছে।
গত সোমবার মুখ্যমন্ত্রী (Chief Minister) হিসেবে প্রথমবার নবান্নে পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দায়িত্ব নিয়েই তিনি স্পষ্ট বার্তা দেন—“আই ওয়ান্ট রেজাল্ট”। তারপর থেকেই প্রশাসনে গতি আনতে কড়া নজরদারি শুরু হয়েছে। সূত্রের খবর, এখন আর কোনও গুরুত্বপূর্ণ ফাইল দীর্ঘদিন আটকে থাকছে না। তৃণমূল আমলে সাধারণত বিকেল ৩টার পর মন্ত্রিসভার বৈঠক হতো। তবে এবার সকাল ১১টার বৈঠকের নির্দেশে আমলা থেকে মন্ত্রী—সবাইকে সময় মেনে নবান্নে হাজির থাকতে বলা হয়েছে।
সবচেয়ে বেশি নজর রয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। কারণ, আজকের বৈঠকে মহার্ঘ ভাতা বা ডিএ (DA) বৃদ্ধি নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে বলে জোর জল্পনা। পাশাপাশি সপ্তম পে কমিশন (Pay Commission) গঠন এবং সরকারি অফিসে হাজিরা ও কাজের গতি বাড়াতে নতুন নিয়ম চালুর সম্ভাবনাও রয়েছে।
গত এক সপ্তাহে শিক্ষা, পুরসভা ও সমবায় দুর্নীতির একাধিক ফাইল নিয়ে দ্রুত পদক্ষেপ করে ইতিমধ্যেই প্রশাসনিক মহলে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার আজকের বৈঠকে কী ঘোষণা হয়, সেদিকেই তাকিয়ে রাজ্য।


