দেশের খবর
১৪ বছর পর ফের সেই বিভীষিকা! নির্ভয়াকাণ্ডের স্মৃতি উসকে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ
ডিজিটাল ডেস্কঃ রাজধানীর বুকে ফের এক বর্বরোচিত ঘটনার সাক্ষী থাকল দেশ। ২০১২ সালের সেই ভয়াবহ ‘নির্ভয়া’ কাণ্ডের স্মৃতি ফিরিয়ে সোমবার গভীর রাতে দিল্লির রানিবাগ (Rani Bagh) এলাকায় চলন্ত স্লিপার বাসে এক ৩০ বছর বয়সি তরুণীকে গণধর্ষণের (Gangrape) অভিযোগ উঠল। নির্যাতিতা পিতমপুরার বাসিন্দা এবং পেশায় কারখানার কর্মী। সোমবার রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে সরস্বতী বিহার এলাকায় বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা ঘটে।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, সরস্বতী বিহার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা এক স্লিপার বাসের দরজায় থাকা যুবক তাঁকে সময় জিজ্ঞাসা করতে গেলে, তাঁকে জোর করে বাসের ভেতরে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর চালককে বাস চালাতে নির্দেশ দিয়ে বাসের দরজা বন্ধ করে দেয় অভিযুক্তরা। চলন্ত বাসে প্রায় সাত কিলোমিটার পথ—নাংলোই মেট্রো স্টেশন পর্যন্ত চলে এই নারকীয় যৌন নির্যাতন (Sexual assault)। প্রায় দু’ঘণ্টা ধরে নির্যাতনের পর রাত ২টোর দিকে তাঁকে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে ফেলে দিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
প্রাথমিকভাবে নাংলোই থানায় খবর দেওয়া হলেও পরে রানিবাগ থানায় মামলাটি স্থানান্তরিত হয়। বাবাসাহেব আম্বেদকর হাসপাতালে নির্যাতিতার ডাক্তারি পরীক্ষায় (Medical examination) ধর্ষণের প্রমাণ মিলেছে। পুলিশ সিসিটিভি ফুটেজ (CCTV footage) স্ক্যান করে বিহারের রেজিস্ট্রেশন নম্বরযুক্ত বাসটিকে চিহ্নিত করে বাজেয়াপ্ত করেছে। ফরেনসিক টিম বাসের ভেতর থেকে তথ্যপ্রমাণ সংগ্রহের কাজ চালাচ্ছে। পুলিশের কঠোর তৎপরতায় দুই অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তাল দিল্লি। হাসপাতালের চিকিৎসকরা তরুণীকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিলেও, নিজের অসুস্থ স্বামী ও তিন শিশুকন্যার কথা ভেবে তিনি বাড়িতে ফেরার জেদ ধরেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গোপন আস্তানায় তল্লাশি চালানো হচ্ছে এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। রাজধানীর বুকে ফের এমন ঘটনায় নারী নিরাপত্তা (Women safety) নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।


