দেশের খবর
যুদ্ধ পরিস্থিতিতে চিনির রফতানিতে নিষেধাজ্ঞা! দাম বৃদ্ধির আশঙ্কায় বড় পদক্ষেপ কেন্দ্রের
ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ায় (West Asia) চলতে থাকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে অস্থিরতার জেরে দেশের খাদ্যপণ্যের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়ছে। এই পরিস্থিতিতে বড় পদক্ষেপ নিল কেন্দ্র সরকার (Central Government)। আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কাঁচা (Raw), সাদা (White) এবং পরিশোধিত (Refined) চিনি রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্র।
ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড (DGFT) বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে ইউরোপীয় ইউনিয়ন (European Union), আমেরিকা (USA)-র নির্দিষ্ট কোটার রফতানি, সরকার-টু-সরকার (Government to Government) চুক্তি এবং আগেই অনুমোদিত চালান এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।
বিশেষজ্ঞদের মতে, এল নিনো (El Nino)-র প্রভাবে দুর্বল বর্ষা হলে আখ উৎপাদনে প্রভাব পড়তে পারে। পাশাপাশি যুদ্ধ পরিস্থিতির কারণে সার (Fertilizer) সরবরাহেও সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে ভবিষ্যতে চিনির দাম আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
অর্থনীতিবিদদের একাংশের মতে, সোনা আমদানিতে শুল্ক বৃদ্ধি এবং চিনি রফতানি বন্ধ—দুই সিদ্ধান্তই দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (Forex Reserve) ও বাজারকে সুরক্ষিত রাখার কৌশল।


