দেশের খবর
ইস্তানবুলে ধরা পড়ল ডি-কোম্পানির মাদক সম্রাট! দাউদ ঘনিষ্ঠ সেলিম দোলাকে ফেরাল ভারত
ডিজিটাল ডেস্ক: দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) আন্তর্জাতিক ড্রাগ র্যাকেটের অন্যতম পাণ্ডা ও ঘনিষ্ঠ সহযোগী সেলিম দোলাকে (Salim Dola) তুরস্ক থেকে ভারতে ফিরিয়ে আনা হলো। মঙ্গলবার ভোরে একটি বিশেষ বিমানে (Special Aircraft) কুখ্যাত এই মাদক পাচারকারীকে দিল্লির টেকনিক্যাল বিমানবন্দরে নামানো হয়। ইন্টারপোলের (Interpol) রেড কর্নার নোটিশের ভিত্তিতে তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (MIT) ও স্থানীয় পুলিশের যৌথ অভিযানে ইস্তানবুলে তাকে আটক করা হয়েছিল।
ভারতের বৃহত্তম সিন্থেটিক ড্রাগ কার্টেলের মাস্টারমাইন্ড (Mastermind) হিসেবে পরিচিত এই সেলিম দোলা মূলত বাইকুল্লায় বড় হয়ে ওঠে। ছোটা শাকিলের হাত ধরে অপরাধ জগতে প্রবেশ করে সে মুম্বই ও দিল্লিতে গুটখা এবং পরবর্তীতে গাঁজা সরবরাহ শুরু করে। ২০১৮ সালে জামিনে মুক্ত হওয়ার পর সে সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) জাল পাসপোর্ট ব্যবহার করে বিদেশে পালিয়ে গিয়েছিল।
ভারত ও তুরস্কের মধ্যে সরাসরি প্রত্যর্পণ চুক্তি (Extradition Treaty) না থাকা সত্ত্বেও, আন্তর্জাতিক সমন্বয় ও গোয়েন্দা তৎপরতায় তাকে দেশে ফেরানো সম্ভব হয়েছে। বর্তমানে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো (NCB) সদর দফতরে তাকে জেরা করা হচ্ছে। গোয়েন্দারা মনে করছেন, তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ডি-কোম্পানির মাদক ব্যবসা, হাওয়ালা (Hawala) লেনদেন এবং আন্তর্জাতিক নেটওয়ার্কের অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। প্রাথমিক তদন্তের পর তাকে মুম্বই পুলিশের (Mumbai Police) হাতে তুলে দেওয়া হতে পারে।


