ভাইরাল খবর
ভোটের আগে রেলের বড় উপহার, বাংলা ও অসম থেকে ৯টি নতুন ট্রেন
ডিজিটাল ডেস্কঃ ভোটমুখী বাংলায় রেল যোগাযোগ আরও মজবুত করতে বড় ঘোষণা কেন্দ্রের। বন্দে ভারত স্লিপারের পর এবার পশ্চিমবঙ্গ পাচ্ছে নতুন ‘অমৃত ভারত এক্সপ্রেস’ (Amrit Bharat Express)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) আসন্ন বাংলা ও অসম সফরের আগেই রেল মন্ত্রক জানাল, দুই রাজ্য থেকে একযোগে ৯টি নতুন অমৃত ভারত ট্রেন চালু করা হবে।
রেল সূত্রে জানা গেছে, এই ট্রেনগুলির মূল লক্ষ্য পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) দ্রুত ও স্বল্প খরচে যাতায়াতের সুবিধা দেওয়া। পশ্চিমবঙ্গ ও অসম থেকে যাত্রা শুরু করে এই ট্রেনগুলি বিহার, উত্তরপ্রদেশ হয়ে দিল্লি, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র ও কর্নাটকের মতো রাজ্যগুলিকে যুক্ত করবে।
বিশেষ গুরুত্ব পাচ্ছে উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি (NJP) ও আলিপুরদুয়ার (Alipurduar)। এখান থেকে চেন্নাই, তিরুচিরাপল্লী, বেঙ্গালুরু ও মুম্বইয়ের মতো বড় কর্মসংস্থান কেন্দ্রগুলিতে সরাসরি ট্রেন চলবে। পাশাপাশি কলকাতার হাওড়া, শিয়ালদহ ও সাঁতরাগাছি থেকেও একাধিক অমৃত ভারত এক্সপ্রেস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেল কর্তৃপক্ষ জানাচ্ছে, আধুনিক সুযোগ-সুবিধা থাকলেও এই ট্রেনগুলির ভাড়া সাধারণ মানুষের নাগালের মধ্যেই রাখা হবে। উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে এই পরিষেবা চালু হলে দীর্ঘদিনের যাতায়াত সমস্যার বড়সড় সমাধান হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
