মহাত্মা গান্ধী থেকে স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার প্রয়াত! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Connect with us

দেশের খবর

মহাত্মা গান্ধী থেকে স্ট্যাচু অফ ইউনিটির ডিজাইনার প্রয়াত! শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ বুধবার গভীর রাতে প্রয়াত হলেন ভারতের প্রখ্যাত ভাস্কর (Sculptor) ও স্ট্যাচু অফ ইউনিটির (Statue of Unity) ডিজাইনার রাম সুতার। নয়ডায় (Noida) নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। দীর্ঘদিন ধরে একাধিক বার্ধক্যজনিত (Age-related) রোগে ভুগছিলেন এই শিল্পী।

রাম সুতারের মৃত্যুর খবর নিশ্চিত করে তাঁর ছেলে অনিল সুতার সংবাদমাধ্যমকে জানান, “গভীর শোকের সঙ্গে জানাচ্ছি, আমার বাবা শ্রী রাম ভানজি সুতার ১৭ ডিসেম্বর মধ্যরাতে আমাদের বাসভবনে মারা গিয়েছেন।”

এই বর্ষীয়ান শিল্পীর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স (X) হ্যান্ডেলে দেওয়া শোকবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “শ্রী রাম সুতার জির মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তিনি একজন অসাধারণ ভাস্কর, যাঁর দক্ষতায় ভারত পেয়েছে স্ট্যাচু অফ ইউনিটি-সহ একাধিক স্মরণীয় নিদর্শন (Monuments)। তাঁর সৃষ্টিগুলি ভারতের ইতিহাস, সংস্কৃতি ও সম্মিলিত চেতনার শক্তিশালী প্রকাশ।” পাশাপাশি তিনি রাম সুতারের পরিবার, অনুরাগী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

১৯২৫ সালের ১৯ ফেব্রুয়ারি বর্তমান মহারাষ্ট্রের ধুলে জেলার (Dhule District) গন্ডুর গ্রামে এক সাধারণ পরিবারে জন্ম রাম সুতারের। শৈশব থেকেই ভাস্কর্যের প্রতি তাঁর গভীর আকর্ষণ ছিল। মুম্বইয়ের (Mumbai) জেজে স্কুল অফ আর্ট অ্যান্ড আর্কিটেকচার (JJ School of Art and Architecture) থেকে শিক্ষা লাভ করেন তিনি এবং সেখান থেকেই গোল্ড মেডেল (Gold Medal) অর্জন করেন।

দেশ ও বিদেশে তাঁর তৈরি বহু ভাস্কর্য শিল্পের মাইলফলক হিসেবে বিবেচিত। ধ্যানমগ্ন ভঙ্গিতে উপবিষ্ট মহাত্মা গান্ধীর মূর্তি, সংসদ প্রাঙ্গণে ঘোড়ায় চড়া ছত্রপতি শিবাজির প্রতীকী ভাস্কর্য তাঁর অন্যতম সেরা সৃষ্টি। গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের বিশাল মূর্তির নকশাও তাঁরই করা, যা আজ বিশ্বজুড়ে পরিচিত স্ট্যাচু অফ ইউনিটি নামে।

শিল্পকলায় অসামান্য অবদানের জন্য ১৯৯৯ সালে পদ্মশ্রী (Padma Shri) এবং ২০১৬ সালে পদ্মভূষণ (Padma Bhushan) সম্মানে ভূষিত হন রাম সুতার। সম্প্রতি মহারাষ্ট্র সরকার তাঁকে রাজ্যের সর্বোচ্চ সম্মান মহারাষ্ট্র ভূষণ পুরস্কার (Maharashtra Bhushan Award) প্রদান করে।

Advertisement
ads
Continue Reading
Advertisement