দেশের খবর
ইন্ডিগোর রেকর্ড সংখ্যক ফ্লাইট বাতিল, যাত্রীদের অভিযোগের ঝড়
ডিজিটাল ডেস্কঃ দেশজুড়ে টানা তৃতীয় দিনেও ইন্ডিগো (IndiGo) পরিষেবা বিপর্যয় একই মাত্রায় জারি রয়েছে। বৃহস্পতিবার সারাদিনে ৫০০–র বেশি ফ্লাইট বাতিল (Flight Cancelled) হওয়ায় বিভিন্ন বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা (Chaos) দেখা দেয়। কোথাও হাজারো লাগেজ ব্যাগ (Luggage Bags) মাটিতেই পড়ে থাকতে দেখা গেছে, আবার কোথাও যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা খাবার–জল (Food & Water) ছাড়া অপেক্ষা করছেন।
দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) টার্মিনালে স্তূপ করে রাখা অসংখ্য স্যুটকেস, ফাঁকা ইন্ডিগো কাউন্টার ও মেঝেতে রাত কাটানো যাত্রীদের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। যাত্রীদের অভিযোগ—প্রতিনিয়ত দেরির নতুন সময় জানানো হলেও কোনও স্পষ্ট ব্যাখ্যা দিচ্ছে না সংস্থা। এক যাত্রী জানান, “১২ ঘণ্টা ধরে আটকে আছি। বিয়েতে যাওয়ার কথা ছিল, লাগেজও পাইনি।”
হায়দরাবাদ, গোয়া ও চেন্নাই বিমানবন্দরেও একই অবস্থা। কোথাও খাবার বা থাকার কোনও ব্যবস্থা না থাকায় যাত্রীরা বিক্ষোভে ফেটে পড়েন। গোয়া বিমানবন্দরে যাত্রী–কর্মীর মধ্যে উত্তেজনা চরমে পৌঁছলে পুলিশ পর্যন্ত হস্তক্ষেপ করে। বিশাখাপত্তনমেও ১০০–র বেশি উড়ান বাতিল হয়েছে।
ইন্ডিগো প্রতিদিন প্রায় ২৩০০ ফ্লাইট পরিচালনা করে, যেখানে সময়মতো উড়ান চালানোই তাদের পরিচিতি। কিন্তু বৃহস্পতিবার এই অন-টাইম পারফরম্যান্স নেমে যায় মাত্র ১৯.৭%–এ। সংস্থা জানিয়েছে—ক্রু রোস্টার (Crew Roster) সংকট, প্রযুক্তিগত সমস্যা এবং নতুন ডিউটি-নর্মস (Duty Norms) মিলিয়েই এই ব্যাপক ব্যাঘাত।
আদালতের নির্দেশে ১ নভেম্বর থেকে কার্যকর হওয়া নতুন FDTL (Flight Duty Time Limitation)–এর দ্বিতীয় ধাপের ফলে রাতের ডিউটি (Night Duty) সংজ্ঞা ও পাইলটদের ডিউটি–সময় কঠোর হওয়ায় রোস্টার তৈরিতে অতিরিক্ত চাপ পড়ছে। ফলে আগামী কয়েক দিন আরও ফ্লাইট বাতিল হতে পারে বলে জানিয়েছে সংস্থা।


