রাজনীতি
আইন-শৃঙ্খলা নষ্ট হলে হুমায়ুনকে আগাম গ্রেফতারির নির্দেশ রাজ্যপালের
ডিজিটাল ডেস্কঃ মুর্শিদাবাদে বাবরি মসজিদ (Babri Masjid) নিয়ে উত্তাপ বাড়তে থাকায় এবার সরাসরি হস্তক্ষেপ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor C.V. Ananda Bose)। হুমায়ুন কবীরের ধারাবাহিক আক্রমণাত্মক মন্তব্যে আইন-শৃঙ্খলা (law and order) অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হলে তাঁকে ‘প্রিভেনটিভ অ্যারেস্ট’ (preventive arrest) করার নির্দেশ দিয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছেন তিনি।
৬ ডিসেম্বর বেলডাঙায় বাবরি মসজিদের শিলান্যাস করার ঘোষণা দিয়েছেন হুমায়ুন কবীর। কিন্তু জমি বরাদ্দে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি ক্ষোভ উগরে দেন। সাংবাদিকদের সামনে তিনি সতর্ক করে বলেন, “আগুন নিয়ে খেলবেন না। মুর্শিদাবাদ পুলিশ-প্রশাসনকে (administration) পরিষ্কার বার্তা দিচ্ছি।” এরপরই বেলডাঙার এসডিপিও উত্তম গরাইকে উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, “হুমায়ুন কবীরের সঙ্গে পাঙ্গা নেবেন না। যেদিন কলার ধরব, সেদিন ছাড়াতে কেউ থাকবে না।”
শুধু তাই নয়, প্রশাসনের একাংশকে “আরএসএস এর দালাল” (RSS agent) বলেও কটাক্ষ করেন তিনি। হুমায়ুন দাবি করেন, ৬ ডিসেম্বর রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক তাদের “দখলে” থাকবে এবং মুসলিম জনগোষ্ঠী সে নিয়ন্ত্রণ করবে।
এই মন্তব্যে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা ছড়িয়েছে। এর মধ্যে রাজ্যপালের কঠোর নির্দেশ পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। তিনি জানিয়েছেন, রাজ্যে অস্থিরতা তৈরি হলে তিনি নিজেই পদক্ষেপ নেবেন।
অন্যদিকে, বিজেপি নেতা সজল ঘোষ অভিযোগ করেন, “হুমায়ুনের এই আচরণ বিপজ্জনক রাজনৈতিক খেলা। মুসলিম ভোট জড়ো করতে তৃণমূল যে কতটা নগ্ন রাজনীতি করে, তা এখানেই পরিষ্কার।”


