রায়গঞ্জ
রায়গঞ্জে অবৈধ পুকুর ভরাটে কড়া নজরদারি শুরু, সাংসদের চিঠিতে তৎপর জেলা প্রশাসন
রায়গঞ্জ শহরে একের পর এক পুকুর ভরাটের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। সম্প্রতি সাংসদ কার্তিক পালের কাছে লিখিত অভিযোগ জমা পড়ার পর বিষয়টি নিয়ে নড়েচড়ে বসেছে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন।
জানা গেছে, জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা ইতিমধ্যেই জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতর, মহকুমা শাসক এবং রায়গঞ্জ পৌরসভাকে লিখিত নির্দেশ দিয়েছেন অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, রায়গঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রভাবশালীরা রাতের অন্ধকারে বহু প্রাচীন ও ধর্মীয় আবেগ জড়ানো পুকুরে মাটি ফেলে ভরাট করছে—যা শহরের ঐতিহ্যের পাশাপাশি পরিবেশ ও নাগরিক জীবনের জন্যও বড় হুমকি।
এই বিষয়ে সচেতন নাগরিকদের একাংশ গত জুলাই মাসেই মুখ্যমন্ত্রীর দফতর, সাংসদ, জেলাশাসক, পুলিশ সুপার ও পৌরসভায় লিখিত অভিযোগ করেছিলেন। এরপর সাংসদ কার্তিক পাল বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে জেলাশাসককে চিঠি দিয়ে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান।
সাংসদের অভিযোগে বলা হয়, কিছু প্রভাবশালী ব্যক্তি প্রশাসনকে উপেক্ষা করে ও অভিযোগকারীদের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পুকুর ভরাট করে চলেছে। যা শহরের পরিবেশের ভারসাম্য নষ্ট করছে এবং নাগরিক জীবনে ভয়াবহ প্রভাব ফেলছে।
জেলাশাসক তাঁর নির্দেশিকায় উল্লেখ করেছেন, সংশ্লিষ্ট দপ্তরকে দ্রুত ব্যবস্থা নিতে হবে এবং নেওয়া পদক্ষেপের বিস্তারিত তথ্য সাংসদ ও জেলা প্রশাসনকে জানাতে হবে।
