ভাইরাল খবর
পড়ুয়ারাই করবে চাষ, স্কুলে আদা-রসুন উৎপাদনে রাজ্যের পরিকল্পনা
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে আদা ও রসুনের ঘাটতি মেটাতে অভিনব পদক্ষেপ নিচ্ছে রাজ্য উদ্যানপালন দপ্তর। এবার স্কুল পড়ুয়ারাই নিজেদের হাতে চাষ করবে আদা ও রসুন। বুধবার হুগলি জেলায় এই উদ্যোগের সূচনা হল, যেখানে মগরা ও চুঁচুড়ার দু’টি স্কুলে ছাত্রছাত্রীদের দেওয়া হয় প্রাথমিক প্রশিক্ষণ।
এই ‘school-based cultivation initiative’-এর সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায় (Arup Roy)। তিনি জানান, “রাজ্যে আদা ও রসুনের উৎপাদন যথেষ্ট নয়। ফলে দামও মাঝে মাঝে আকাশছোঁয়া হয়ে যায়। সেই সমস্যা কমাতেই এই উদ্যোগ।”
আরও পড়ুনঃ ঘাটাল পরিদর্শনে শুভেন্দু অধিকারী, বন্যা ইস্যুতে তৃণমূলকে তুলোধোনা বিরোধী দলনেতার
মন্ত্রী আরও জানান, স্কুলগুলোর মিড-ডে মিলের (Mid-Day Meal) খরচ কমাতে এই উদ্যোগ কার্যকর হবে। প্রথম পর্যায়ে হুগলি জেলার ২০টি স্কুলে এই প্রকল্প চালু করা হচ্ছে। স্কুলে থাকা ফাঁকা জায়গা বা ছাদে ‘grow bags’-এর মাধ্যমে আদা ও রসুন চাষ হবে। বিনামূল্যে বীজ এবং প্রয়োজনীয় উপকরণ স্কুলকে সরবরাহ করবে দপ্তর।
শুধু মিড-ডে মিলের চাহিদা মেটানোই নয়, অতিরিক্ত উৎপাদন বাজারেও বিক্রি করা যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। ফলে স্কুলের আয়ও বাড়বে। এমনকি ভবিষ্যতে মাশরুম চাষ (Mushroom cultivation) যুক্ত করার পরিকল্পনাও রয়েছে।
জেলা উদ্যানপালন আধিকারিক শুভদীপ নাথ (Subhadip Nath) জানান, জেলার কৃষকদেরও এই চাষে উৎসাহিত করা হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদের মতে, চাষের এই শিক্ষা শুধু বিদ্যালয় নয়, ভবিষ্যতে ছাত্রছাত্রীদের পারিবারিক ও পেশাগত দিকেও সাহায্য করবে।
