কলকাতা
দক্ষিণেশ্বর মন্দিরে মেয়েকে নিয়ে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
ডিজিটাল ডেস্কঃ বুধবার সন্ধ্যায় মা ভবতারিণীর আশীর্বাদ নিতে দক্ষিণেশ্বরে এলেন বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Droupadi Murmu)। তাঁর সফর ঘিরে নিরাপত্তা ও সাজসজ্জায় ঢেকে গিয়েছিল গোটা মন্দির চত্বর। কালীপুজোর রাতকেও হার মানায় এমন আলোকসজ্জা।
বিকেল ৬টা নাগাদ রাষ্ট্রপতি মন্দিরে পৌঁছলে তাঁকে স্বাগত জানান ব্যারাকপুরের নগরপাল মুরলীধর শর্মা, রাজ্যের মন্ত্রী অরূপ রায় ও মন্দিরের কার্যনির্বাহী অছি কুশল চৌধুরী। সঙ্গে ছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C.V. Ananda Bose) এবং রাষ্ট্রপতির কন্যা ইতিশ্রী মুর্মু (Itishree Murmu)।
আরও পড়ুনঃ ইনস্টাগ্রাম থেকে যুব সমাজকে জঙ্গি বানানোর ছক, গুজরাট ATS-এর জালে মহিলা হ্যান্ডলার
গর্ভগৃহে গিয়ে রাষ্ট্রপতি ভবতারিণী মায়ের চরণে পুষ্পার্ঘ্য ও একটি আংটি নিবেদন করেন। এরপর পঞ্চপ্রদীপ জ্বালিয়ে করেন মায়ের আরতি। নাটমন্দিরে রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেন মন্দির কর্তৃপক্ষ—উপহার হিসেবে তুলে দেওয়া হয় মানপত্র, স্মারক ও মা ভবতারিণীর ছবি। পরে শ্রীরামকৃষ্ণের ঘরেও পুষ্পার্ঘ্য দেন তিনি।
মন্দির ত্যাগের সময় রাষ্ট্রপতি ১৬ জন মহিলা ভক্তের সঙ্গে ছবি তোলেন, যাঁরা শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মন্দির মুখর করেছিলেন।
এর আগে রাষ্ট্রপতি দিল্লি থেকে বিশেষ বিমানে কলকাতায় পৌঁছে প্রথমে যান কল্যাণীর AIIMS Kalyani-তে, সেখানে সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও তিনজন কৃতী ছাত্রের হাতে শংসাপত্র তুলে দেন। আজ রাতটা তিনি রাজভবনে থাকবেন এবং আগামীকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিয়ে ঝাড়খণ্ডের উদ্দেশে রওনা দেবেন বলে সূত্রের খবর।
