খুন
খুন না দুর্ঘটনা? খেজুরিতে ২ জনের মৃত্যু নিয়ে পুলিশ দিল স্পষ্ট বার্তা
ডিজিটাল ডেস্কঃ খেজুরিতে মেলা দেখতে গিয়ে দুই ব্যক্তির রহস্যমৃত্যু নিয়ে চরম উত্তেজনা। মৃতদের পরিবার এবং বিজেপির পক্ষ থেকে যেখানে খুনের অভিযোগ তোলা হয়েছে, সেখানে পুলিশ দাবি করছে, ময়নাতদন্ত রিপোর্টে স্পষ্ট—“Electrocution” বা বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে পূর্ব ভাঙনমারির সুজিৎ দাস এবং ঝাঁটিহারির সুধীর পাইক-এর।
সোমবার বিকেলে হেঁড়িয়া তদন্ত কেন্দ্র থেকে সাংবাদিক বৈঠকে কাঁথি গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার শুভেন্দ্র কুমার (Shubhendra Kumar) জানান, “ময়নাতদন্তে প্রাথমিকভাবে স্পষ্ট, দুইজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে। ঘটনাস্থলে অনুমতি ছাড়া অনুষ্ঠান হচ্ছিল কিনা, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।”
তবে এখানেই শেষ নয় বিতর্ক। পরিবারের অভিযোগ, “দেহের ক্ষত চিহ্ন দেখে মনে হয়, মৃত্যুর কারণ স্বাভাবিক নয়।” বিজেপির দাবি, এই মৃত্যু নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত খুন। বনধ ডেকেছিল বিজেপি। এদিন বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়ায়, পুলিশ গ্রেফতার করেছে ৮ জনকে। আইনশৃঙ্খলা নিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
এদিকে, বিজেপির ডাকা মিছিলে অংশ নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) অভিযোগ করেন, “ময়নাতদন্তকারী চিকিৎসককে প্রভাবিত করা হয়েছে। একজন ডাক্তার ফোন করে নির্দেশ দেন ‘Electrocution’ লিখে দিতে। এটা প্রমাণ করে, প্রশাসন সত্য লুকোতে চাইছে।”
বিজেপির অভিযোগের প্রেক্ষিতে এবার বুধবার খেজুরিতে পাল্টা রাজনৈতিক সভা ডাকছে তৃণমূল কংগ্রেস। ফলে মৃত্যুকে কেন্দ্র করে খেজুরিতে রাজনৈতিক তাপমাত্রা চড়ছে বই কমছে না। তদন্ত চললেও, খুন না দুর্ঘটনা—এই বিতর্কের উত্তর এখনও অস্পষ্ট।
