খুন
নিষ্ঠুরতার নজির! ছেলেকে খুন করে ট্যাঙ্কে ছুড়ে ফেলে দিলেন মা
ডিজিটাল ডেস্কঃ নৃশংসতা যেন মানবিকতার সীমা ছাড়াল। কল্যাণী থানার সগুনা এলাকার তেলিগাছা (Teligacha, Kalyani) গ্রামে ঘটে গেল এমনই এক বিভীষিকাময় ঘটনা, যা শিউরে উঠিয়েছে গোটা অঞ্চলকে। মাত্র ছয় মাসের শিশুপুত্রকে শ্বাসরোধ করে হত্যা করে নির্মীয়মাণ সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন মা রূপা ঘোষ (Rupa Ghosh)। শুক্রবার রাতে ঘটনার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
প্রথমে রূপা জানান, তাঁর সন্তান ঘর থেকে নিখোঁজ হয়ে গিয়েছে। পুলিশে খবর দেন তিনি নিজেই। কল্যাণী থানার পুলিশ তদন্তে নামে এবং বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে। শিশুচুরি নয়, বরং এই খুনের নেপথ্যে রয়েছে শিশুর মা নিজেই—এমন সন্দেহ দানা বাঁধতেই চলে জেরা।
আরও পড়ুনঃ Kasba Law College-এ ছাত্রী ধর্ষণের অভিযোগে গ্রেফতার প্রাক্তন TMCP নেতা মনোজিৎ মিশ্র
শেষমেশ পুলিশের জেরার মুখে ভেঙে পড়েন রূপা। তিনি স্বীকার করেন, নিজেই সন্তানকে হত্যা করে পাশের বাড়ির নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কে ফেলে দিয়েছেন। পুলিশ সঙ্গে সঙ্গেই দেহ উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে (Kalyani JNM Hospital) ময়নাতদন্তে পাঠায়। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রূপার এটি দ্বিতীয় বিয়ে। প্রায় তিন বছর আগে তাঁর বিবাহ হয় জল সরবরাহ ব্যবসায়ী সোমনাথ ঘোষের (Somnath Ghosh) সঙ্গে। তবে দাম্পত্য জীবন ছিল অশান্তিতে ভরা। শ্বশুরবাড়ির সদস্যরা তাঁকে মেনে নিতে পারেননি বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই পরিবারের মধ্যে নিয়মিত ঝামেলা লেগেই থাকত।
এই ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ। অনেকেই বলছেন, “একজন মা কীভাবে এমন নিষ্ঠুর হতে পারে!” পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী কড়া পদক্ষেপ করা হবে।
