বিনোদন
‘দ্য বেঙ্গল ফাইলস’ মুক্তির আগেই বিতর্ক, তৃণমূল নেতার এফআইআর ঘিরে তোলপাড়
ডিজিটাল ডেস্ক: সিনেমা মুক্তির আগেই ঘনাচ্ছে বিতর্কের মেঘ। ‘দ্য বেঙ্গল ফাইলস’ (The Bengal Files) নিয়ে জোর রাজনৈতিক চাপানউতোর। ছবির টিজার প্রকাশ্যে আসতেই অভিযোগ দায়ের হয়ে গেল পরিচালক বিবেক অগ্নিহোত্রির (Vivek Agnihotri) নামে। বহরমপুর থানায় (Berhampore Police Station) লিখিত এফআইআর দায়ের করেছেন তৃণমূল পরিচালিত ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুন্ডু (Biplab Kundu)।
অভিযোগকারী বিপ্লব কুন্ডু সরাসরি দাবি করেছেন, এই ছবি রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে পারে। তাঁর অভিযোগ, “টিজারে যেভাবে হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে এবং ঘৃণার ভাষা ব্যবহার হয়েছে, তাতে সমাজে বিভাজন ছড়িয়ে পড়তে পারে।”
তবে রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, শুধুই ধর্মীয় ভাবাবেগে আঘাত? নাকি ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির বিষয়বস্তু প্রকাশ্যে আসার আগেই তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) অস্বস্তির জায়গা তৈরি হয়ে গিয়েছে? অভিযোগকারীর পরিচয় ও তাঁর রাজনৈতিক অবস্থান থেকেই এই প্রশ্ন উঠছে।
এফআইআর দায়ের হওয়ার পর থেকেই টলিউডের (Tollywood) অন্দরেও চর্চা তুঙ্গে। ইতিমধ্যেই রাজনৈতিক মহলের একাংশ বলছে, ছবি মুক্তির আগে এই ধরনের অভিযোগের পিছনে স্পষ্ট রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। তৃণমূলের একাংশ চাইছে না, এই ছবি রাজ্যের প্রেক্ষাপটে প্রকাশ পাবে।
আরও পড়ুনঃ সুকান্ত মজুমদারকে ঘিরে তুমুল বিক্ষোভ, ‘চোর-চোর’ স্লোগান, জুতো ছোড়ার অভিযোগ!
পরিচালক বিবেক অগ্নিহোত্রি বরাবরই স্পষ্ট বক্তা। এর আগে ‘তাসকন্দ ফাইলস’ (The Tashkent Files), ‘কাশ্মীর ফাইলস’ (The Kashmir Files), এবং ‘বুদ্ধা ইন এ ট্র্যাফিক জ্যাম’ (Buddha in a Traffic Jam)–এর মতো ছবিতে তিনি যেভাবে বাস্তব ঘটনাকে সাহসী ভাষায় তুলে ধরেছেন, তাতে দেশের বিভিন্ন রাজনৈতিক শিবিরে বিতর্ক তৈরি হয়েছিল। তবে বিতর্কে মাথা না ঘামিয়ে, বারবার নিজের বক্তব্যে অনড় থেকেছেন পরিচালক।
‘দ্য বেঙ্গল ফাইলস’–এ মুখ্য ভূমিকায় রয়েছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), সৌরভ দাস (Saurav Das), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) সহ একাধিক জনপ্রিয় অভিনেতা। ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী ৫ সেপ্টেম্বর (5th September)। তবে তার আগেই তৃণমূলের নেতার তরফে পুলিশে অভিযোগ দায়ের হওয়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি রাজনৈতিক চাপের মুখে ছবি আটকে দেওয়ার পরিকল্পনা চলছে?
এই মুহূর্তে পরিচালক বা প্রযোজক সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ঘনিষ্ঠ মহলের মতে, তাঁরা আইনি পথে এই পরিস্থিতির মোকাবিলা করতে প্রস্তুত।
পরিস্থিতির দিকে এখন তাকিয়ে সিনেপ্রেমী থেকে রাজনৈতিক মহল—‘দ্য বেঙ্গল ফাইলস’ আদৌ মুক্তি পাবে তো? নাকি আইনি ও রাজনৈতিক বাধার জালে আটকে যাবে এই ছবি?
