রাজনীতি
কালীগঞ্জে ভোট দিয়ে মধ্যমা দেখিয়ে বিতর্কে বিজেপি প্রার্থী
ডিজিটাল ডেস্কঃ কালীগঞ্জ উপনির্বাচনে বিতর্কের কেন্দ্রে বিজেপি প্রার্থী আশিস ঘোষ (Ashis Ghosh)। ভোট দেওয়ার পর মিডিয়ার সামনে বাঁ হাতের মধ্যমা দেখিয়ে শিরোনামে উঠে এলেন তিনি। এই ঘটনা ঘিরে তীব্র কটাক্ষ শাসকদল তৃণমূল কংগ্রেসের (TMC)। তাদের দাবি, “বিজেপির (BJP) আসল চরিত্র আবারও সামনে চলে এল।”
আশিস ঘোষ অবশ্য নিজের বক্তব্যে দাবি করেন, তাঁকে ফাঁসানো হচ্ছে। তাঁর কথায়, “আমি ইচ্ছা করে কিছু করিনি। ছবিটা ভুলভাবে তুলে দেখানো হচ্ছে।”
সকাল থেকেই কালীগঞ্জ (Kaliganj) উপনির্বাচনে বিক্ষিপ্ত অশান্তির ছবি ধরা পড়েছে। ভোটগ্রহণ শুরুর পর পরই বিজেপির ‘আদি’ নেতা আশিস ঘোষ অভিযোগ তোলেন, প্রিসাইডিং অফিসার তৃণমূলের লোক। তিনি বলেন, “বিজেপি এজেন্টকে বসতে দেওয়া হচ্ছে না। আমাদের বাধা দেওয়া হচ্ছে।” এমনকি কেন্দ্রীয় বাহিনীর (Central Forces) সঙ্গে তাঁর বচসাও হয়।
আরও পড়ুনঃ ‘ইজরায়েল-ইরান চুক্তি সম্ভব’, শান্তির প্রস্তাব পুতিনের
তবে সব বিতর্ক ছাপিয়ে ভোট দিয়ে বেরনোর পর আশিস ঘোষ যখন সাংবাদিকদের সামনে বাঁ হাতের মধ্যমা তুলে ধরেন, তখনই শুরু হয় বিতর্ক। আরও বিস্ময়ের বিষয়, তাঁর মধ্যমাতেই ছিল ভোটের কালির দাগ।
এখন প্রশ্ন উঠছে, কেন তর্জনীর পরিবর্তে তাঁর মধ্যমায় (Middle Finger) ভোটের কালি লাগানো হল? নির্বাচন বিধি অনুযায়ী, সাধারণত ভোটারদের বাঁ হাতের তর্জনীতে (Index Finger) কালি দেওয়া হয়। এই ব্যতিক্রম কেন হল, তা জানতে জেলা নির্বাচনী আধিকারিকের (District Election Officer) কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।
এই ঘটনার পরেই তৃণমূল তীব্র কটাক্ষ করে। তাদের বক্তব্য, “বিজেপির আসল মুখোশ খুলে গেছে। আজকের ঘটনা বিজেপির চরিত্রকেই তুলে ধরেছে।”
অন্যদিকে, তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ (Alifa Ahmed) এদিন সকালেই নিজের বুথে ভোট দিয়ে মানুষকে নির্ভয়ে ভোট দিতে আহ্বান জানান। সকাল ১১টা পর্যন্ত কালীগঞ্জ বিধানসভায় ভোট পড়েছে ৩০.৬৪ শতাংশ।
