রাজনীতি
নিজেদের নেতার বিরুদ্ধেই পোস্টার! চণ্ডীচরণ-দীপাঞ্জনকে সরাতে দাবি বিজেপি কর্মীদের
ডিজিটাল ডেস্কঃ কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপি কার্যালয়কে কেন্দ্র করে নতুন বিতর্ক। শনিবার সকালে কামারহাটির আগরপাড়া টেক্সটমেকো বয়াল গেট সংলগ্ন এলাকায় হঠাৎই নজরে এল বিস্ফোরক পোস্টার। পোস্টারে সরাসরি নাম করে আক্রমণ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি চণ্ডীচরণ রায় (Chandicharan Roy) এবং দলের অপর নেতা দীপাঞ্জন গুহ (Dipanjan Guha)-কে।
পোস্টারে লেখা, ‘টাকা, নারী, বাড়ি, গাড়ি দাও, চণ্ডীচরণ ও দীপাঞ্জনের থেকে পদ নাও।’ পাশাপাশি আরও লেখা হয়েছে, ‘এই দুই নেতার অনুগামীদের সরাও, বাঁচাও কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপি।’ পোস্টারের নিচে দাবি করা হয়েছে, ‘কলকাতা উত্তর শহরতলী জেলা বিজেপির কর্মীবৃন্দ’-র তরফ থেকে এই পোস্টার লাগানো হয়েছে।
আরও পড়ুনঃ ধর্ষণের অভিযুক্তের সঙ্গে মদের গ্লাসে সিপিএম নেত্রী, ছবি ভাইরাল হতেই শোরগোল
শুধু স্থানীয় এলাকাই নয়, এই পোস্টার পরে পৌঁছে গিয়েছিল কলকাতার বিজেপি রাজ্য দপ্তর মুরলীধর সেন লেনেও। সেখানেও গোপনে পোস্টার সাঁটিয়ে দেওয়া হয়। দ্রুততার সঙ্গে দলের পক্ষ থেকে সেই সব পোস্টার খুলে ফেলা হয়। শুধু তাই নয়, এনডিএ সরকারের ১১ বছরের সাফল্য ঘিরে মঞ্চ তৈরির সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)-র ছবিযুক্ত তোরণেও এই বিতর্কিত পোস্টার লাগানো হয়েছিল বলে অভিযোগ।
ঘটনা প্রকাশ্যে আসতেই বিজেপির অন্দরমহলে ব্যাপক আলোড়ন শুরু হয়। চণ্ডীচরণ রায়ের প্রতিক্রিয়া জানার জন্য বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। বিজেপির একাংশ এই ঘটনাকে ‘বিরোধীদের চক্রান্ত’ বলে দাবি করলেও বিষয়টি নিয়ে তৃণমূল কড়া কটাক্ষ করেছে।
কামারহাটি পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা গোপাল সাহা (Gopal Saha) বলেন, “যাঁরা নিজেদের দলেই স্বচ্ছ রাজনীতি খুঁজে পান না, তাঁদের বলব বিজেপি করার দরকার কী! স্বচ্ছতার সঙ্গে রাজনীতি করতে চাইলে তৃণমূলে চলে আসুন, দরজা খোলা আছে।”
বিজেপির তরফ থেকে এখনও এই বিষয়ে সরকারি প্রতিক্রিয়া মেলেনি। তবে দলীয় কর্মীদের একাংশের ক্ষোভ যে ধীরে ধীরে প্রকাশ্যে চলে আসছে, শনিবারের ঘটনা তারই ইঙ্গিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
