দুর্ঘটনা
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি
ডিজিটাল ডেস্কঃ গুজরাতের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ১৭৯ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের তালিকায় রয়েছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani)। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গুজরাত পুলিশের ডিজি (DGP)।
বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল (Sardar Vallabhbhai Patel) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার (Air India) AI-171 ড্রিমলাইনার বোয়িং ৭৮৭-৮ (Dreamliner Boeing 787-8) বিমানটি লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছিল। বিমানে ছিলেন ১২ জন ক্রু সদস্য এবং ২৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৫৯ জন বিদেশি নাগরিক এবং ১৩ জন শিশু ছিলেন। কিন্তু উড্ডয়নের মাত্র ১০ সেকেন্ড পরেই মেঘানিনগর (Meghaninagar) এলাকায় বিমানটিতে বিস্ফোরণ ঘটে। তারপরই নির্মাণাধীন বিজে মেডিকেল কলেজের (BJ Medical College) হস্টেলের ছাদে ভেঙে পড়ে বিমানটি। দুর্ঘটনায় ৭ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
জানা গিয়েছে, উড্ডয়নের ঠিক আগে বিমানটির অভিজ্ঞ পাইলট (Pilot) বিপদের আশঙ্কা করে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানেই বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাত্র ৭ মিনিটের মধ্যেই গোটা বিমান কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়।
আরও পড়ুনঃ ভয়াবহ বিমান দুর্ঘটনায় একমাত্র বেঁচে ফেরা রমেশ, দেশজুড়ে চলছে প্রার্থনা
এখনও পর্যন্ত দুর্ঘটনার কারণ স্পষ্ট নয়। ডিজিসিএ (DGCA)-র তরফে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার পরেই উদ্ধারকারী দল এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান। চলছে উদ্ধার অভিযান। এদিকে দুর্ঘটনার পর গুজরাতে সাময়িকভাবে সমস্ত বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুটি হেল্পলাইন নম্বর (011-24610843, 9650391859) চালু করা হয়েছে। এছাড়া আহমেদাবাদ পুলিশের তরফেও হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যাত্রীদের আত্মীয়দের সাহায্যের জন্য।
দুর্ঘটনায় সবচেয়ে বিস্ময়কর ঘটনা হল, বিমানের ধ্বংসস্তূপ থেকে এক যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, রমেশ বিশ্বকুমার (Ramesh Vishwakumar) নামের ওই যাত্রী সুস্থ অবস্থায় বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হন। এমনকি তাঁকে স্বাভাবিকভাবে হাঁটতে দেখা গিয়েছে। সেই ভিডিও ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। বর্তমানে রমেশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
