ভাইরাল খবর
রাস্তায় তৃণমূল কাউন্সিলর-তরুণীর প্রকাশ্য মারামারি, ভাইরাল চুলোচুলি, নেটপাড়ায় তীব্র বিতর্ক!
ডিজিটাল ডেস্কঃ প্রকাশ্য রাস্তায় ধুন্ধুমার! পানিহাটির (Panihati) রাস্তায় কাউন্সিলর ও এক তরুণীর হাতাহাতি, চুলোচুলির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ভাইরাল হল গোটা ঘটনার ভিডিও। ঘটনাটি ঘটেছে সোমবার। পানিহাটি পুরসভার (Panihati Municipality) ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর (TMC Councillor) শ্রাবন্তী রায় (Sravanti Roy) এর সঙ্গে স্কুটি চালক তরুণীর বিবাদ গড়ায় হাতাহাতিতে। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল সেই ভিডিও, যা ঘিরে ব্যাপক বিতর্ক।
জানা গিয়েছে, এদিন মহোৎসবতলা ঘাট থেকে বাইকে করে যাচ্ছিলেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। সেই সময় এক তরুণী বেপরোয়া গতিতে স্কুটি চালিয়ে এসে তাঁর বাইকে ধাক্কা মারে। শুরু হয় কথা কাটাকাটি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কাউন্সিলর বাইক থেকে নেমে তরুণীর দিকে ধেয়ে যান। প্রথমে আঙুল উঁচিয়ে তরুণীকে ধমক দেন, এরপর আচমকাই তাঁর গালে সপাটে চড় কষান। পালটা তরুণীও কাউন্সিলরের চুল ধরে টানতে শুরু করেন, চলে লাথি-ঘুষি। জনবহুল রাস্তায় দুই মহিলার এই লড়াই চরমে ওঠে। হাতাহাতি করতে করতে এক সময় তাঁরা রাস্তায় গড়াগড়ি খান। ঘটনাস্থলে থাকা স্থানীয়রা দু’পক্ষকে আলাদা করতে হিমশিম খেয়ে যান। পরে খড়দহ থানার (Kharda Police Station) ট্রাফিক পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুনঃ বিধানসভায় জোড়া ইস্যুতে তপ্ত রাজনীতি, শুভেন্দুর বিরুদ্ধে তদন্ত, ওয়াকআউট বিজেপির
এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই নিন্দার ঝড় উঠেছে। একাংশের প্রশ্ন, একজন জনপ্রতিনিধির (Public Representative) আচরণ কি এমনই হওয়া উচিত? বিরোধী শিবিরও এই ঘটনাকে ঘিরে তীব্র সমালোচনায় সরব হয়েছে।
তবে ঘটনার ব্যাখ্যা দিয়েছেন কাউন্সিলর শ্রাবন্তী রায়। তিনি বলেন, “তরুণী অত্যন্ত বেপরোয়াভাবে স্কুটি চালাচ্ছিলেন। আমি তাঁকে শুধুই সতর্ক করতে চেয়েছিলাম। উলটে তিনি আমাকে গালিগালাজ করেন, বাইকের চাবি কেড়ে নেন। আমি প্রতিবাদ করলে তিনি মারধর শুরু করেন।” তাঁর দাবি, “ওই তরুণী মদ্যপ ছিলেন। আমাকেই আক্রমণ করেন। তাই আত্মরক্ষার জন্য চড় মারতে বাধ্য হই। ভিডিওর একটা অংশ দেখে আমার দোষ খোঁজা হচ্ছে। আসল ঘটনা বুঝে মন্তব্য করা উচিত।”
তবে এ বিষয়ে তরুণীর কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। অন্যদিকে, পানিহাটি পুরসভার প্রশাসন জানিয়েছে, ভিডিও খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
