আত্মহত্যা
পাক নাগরিক দম্পতির মৃত্যুকে ঘিরে মুম্বইয়ে চাঞ্চল্য, খুন-আত্মহত্যার সন্দেহ পুলিশের
ডিজিটাল ডেস্কঃ মুম্বইয়ে (Mumbai) ফের রোমহর্ষক খুনের ঘটনা। স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার পর, নিজেকেও ছুরি দিয়ে আঘাত করলেন স্বামী। মঙ্গলবার সকালে মুম্বইয়ের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় দুই পাক নাগরিকের রক্তাক্ত দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে স্থানীয় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি নোটনদাস ওরফে সঞ্জয় সচদেব (Notandas alias Sanjay Sachdev) এবং তাঁর স্ত্রী স্বপ্না নোটনদাস (Swapna Notandas)। দুজনেই পাকিস্তানের নাগরিক। গত বছর নভেম্বর মাসে দীর্ঘমেয়াদী ভিসা নিয়ে ভারতে এসেছিলেন তাঁরা। মুম্বইয়েই (Mumbai) বসবাস করতেন দম্পতি।
মুম্বই পুলিশের ডিসিপি প্রশান্ত মোহিতে (Prashant Mohite) জানিয়েছেন, ‘দাম্পত্য কলহ থেকেই এই মর্মান্তিক ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। রান্নাঘরের ছুরি দিয়েই এই খুনের ঘটনা ঘটেছে।’
আরও পড়ুনঃ ফের অবহেলা? স্টারমারের সঙ্গে বৈঠকের সুযোগ নাও পেতে পারেন মহম্মদ ইউনুস
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকাল থেকে স্বপ্নার পরিবারের সঙ্গে কোনও যোগাযোগ হচ্ছিল না। একাধিকবার ফোন করার পরেও যখন উত্তর মেলেনি, তখন স্বপ্নার বোন নিজেই তাঁদের বাড়িতে পৌঁছন। দরজা খুলে তিনি স্তম্ভিত হয়ে যান। দুজনের দেহ রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।
পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নোটনদাস প্রথমে স্বপ্নাকে ছুরি দিয়ে আঘাত করেন। পরে নিজেকেও আঘাত করেন তিনি। পুলিশ ইতিমধ্যেই ভারতীয় দণ্ডবিধির ৩০৩(১) ধারায় (IPC Section 103(1)) মামলা রুজু করেছে।
মুম্বই পুলিশ জানিয়েছে, বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। দাম্পত্য জীবনের অশান্তিই এই হত্যাকাণ্ডের মূল কারণ কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।
