খুন
সম্পর্ক থেকে বেরোতে চেয়েছিলেন, প্রেমিকের ছুরির আঘাতে নিহত প্রেমিকা
ডিজিটাল ডেস্কঃ বেঙ্গালুরুতে প্রেমের সম্পর্কের জেরে ভয়াবহ খুন। এক হোটেল কক্ষে নৃশংসভাবে ছুরিকাঘাতে খুন হলেন এক মহিলা। অভিযুক্ত তাঁর প্রেমিক। যদিও ঘটনার পর থেকেই পলাতক রয়েছে অভিযুক্ত যুবক। ইতিমধ্যে ওই যুবকের সন্ধানে তল্লাশি শুরু করেছে বেঙ্গালুরু পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম হরিণী (Harini), বয়স ৩৬ বছর। অভিযুক্ত যুবকের নাম যশ (Yash), বয়স ২৫ বছর। দু’জনেই বেঙ্গালুরুর কেঙ্গেরি (Kengeri) এলাকার বাসিন্দা। ঘটনার সময় পূর্ণা প্রজ্ঞা লেআউটের (Poornaprajna Layout) এক ওয়ো হোটেলে (OYO Hotel) ছিলেন তাঁরা। সেখানেই প্রেমিকার উপর হামলা চালায় যশ। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হরিণী সম্প্রতি সম্পর্ক থেকে বেরিয়ে আসার কথা বলেছিলেন। সেই কারণেই রাগ ও হিংসার বশে যশ এই নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে অনুমান তদন্তকারীদের।
আরও পড়ুনঃ রায়গঞ্জের পথে মীনাক্ষী মুখার্জি, সম্প্রীতির বার্তা ও কর্মসংস্থানের দাবি
পুলিশ জানায়, গত শুক্রবার (৬ জুন) গভীর রাতে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি সামনে আসে রবিবার, যখন হোটেলের কর্মীরা কক্ষ থেকে রক্তাক্ত দেহ উদ্ধার করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান। সুব্রহ্মণ্যপুরা (Subramanyapura) থানায় এই ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে।
জানা গিয়েছে, অভিযুক্ত যশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বর্তমানে সে পলাতক। পুলিশ জানিয়েছে, হরিণীকে প্রায় ১৭ বার ছুরিকাঘাত করা হয়েছিল। ডিসিপি (DCP) দক্ষিণ বেঙ্গালুরু লোকেশ বি জগলাসার (Lokesh B Jagalasar) এনডিটিভিকে জানান, “মেয়েটি যশের কাছ থেকে নিজেকে সরিয়ে নিতে চাইছিল। সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল। সেই কারণেই রাগের মাথায় ছুরিকাঘাত করে খুন করেছে যশ।”
তদন্তে আরও উঠে এসেছে, হরিণী ছিলেন দুই সন্তানের মা। তিনি পারিবারিক চাপে ছিলেন এবং নিজের ব্যক্তিগত জীবন নিয়ে টানাপোড়েন চলছিল। সে কথা বারবার যশকে বোঝানোর চেষ্টা করেছিলেন হরিণী। কিন্তু সম্পর্ক শেষ করার কথা মানতে পারেনি যশ। সেই হতাশা থেকেই প্রেমিকাকে খুন করেছে বলে পুলিশের অনুমান।
