আত্মহত্যা
অষ্টম শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য, প্রেমিকের বাড়ি থেকে ফিরেই আত্মঘাতী
ডিজিটাল ডেস্কঃ প্রেমিকের ডাকে রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল এক অষ্টম শ্রেণির ছাত্রী। প্রেমিকের বাড়িতে কিছু সময় কাটিয়ে ফের বাড়ি ফিরলেও, পরদিন দুপুরে নিজের ঘরেই ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। এই মর্মান্তিক ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুরের হেমতাবাদ থানার অন্তর্গত দরিমানপুর (Darimanpur) গ্রামে।
মৃত নাবালিকার নাম সুপর্ণা বর্মন (Suparna Barman)। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে পাশের গ্রামের বাসিন্দা যুবক টুবাই (Tubai) তাকে ফোন করে নিজের বাড়িতে ডেকে নিয়ে যায়। প্রায় দু’ঘণ্টা পর সুপর্ণাকে আবার ফিরিয়েও দেয় সে। সূত্রের দাবি, দুই পরিবারের মধ্যে তখন বিয়ের সম্ভাবনা নিয়েও কথা হয়েছিল।
আরও পড়ুনঃ ফের ছড়াচ্ছে করোনা, আক্রান্তের সংখ্যা ছুঁইছুঁই ৪ হাজার; উদ্বেগে কেরল, মহারাষ্ট্র ও দিল্লি
কিন্তু সেই রাতের ঘটনার জেরে সোমবার দুপুরে সবার অগোচরে নিজের ঘরে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সুপর্ণা। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়েই দ্রুত উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল (Raiganj Government Medical College and Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃতার দাদা উত্তম বর্মন (Uttam Barman) জানান, “টুবাই ওকে ফোন করে ডেকে নেয়। আমরা ভেবেছিলাম দু’পক্ষ মিলে কথা বললে সমস্যা মিটে যাবে। কিন্তু এমন পরিণতি হবে ভাবিনি।”
ঘটনার খবর পেয়ে হেমতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি, প্রেমিক যুবকের ভূমিকা ও সম্ভাব্য প্ররোচনার দিকটি খতিয়ে দেখছে পুলিশ।
গ্রামে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন। নাবালিকার মৃত্যু নিছক আত্মহত্যা, না কি এর নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে—তা জানতে তদন্তে নেমেছে পুলিশ।
