মোদীর ৫ সংকটের পাল্টা জবাব মমতার, বললেন— “সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী
Connect with us

অপারেশন সিঁদুর

মোদীর ৫ সংকটের পাল্টা জবাব মমতার, বললেন— “সিঁদুর বেচতে এসেছেন প্রধানমন্ত্রী

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আলিপুরদুয়ারে (Alipurduar) বৃহস্পতিবার এক জনসভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) কড়া ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নাম না করলেও, রাজ্য সরকারের বিরুদ্ধে ‘নির্মমতা’ ও ‘স্বার্থপর রাজনীতি’র অভিযোগ তুললেন তিনি। বাংলার সামনে এখন পাঁচটি বড় সংকটের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

মোদীর অভিযোগ, “প্রথমত সমাজজুড়ে হিংসা ও অরাজকতা, দ্বিতীয়ত মা-বোনেদের উপর নির্যাতন ও নিরাপত্তাহীনতা, তৃতীয়ত যুবসমাজের হতাশা ও কর্মসংস্থানের অভাব, চতুর্থ দুর্নীতির পাহাড় এবং পঞ্চম সংকট—তৃণমূলের স্বার্থপর রাজনীতির কারণে গরিবদের অধিকার কেড়ে নেওয়া।” এ প্রসঙ্গে মালদা ও মুর্শিদাবাদের সাম্প্রতিক অশান্তির কথাও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, “শাসকদলের বিধায়ক, কাউন্সিলরদের সামনে বাড়ি পুড়ছে, পুলিশ কিছু করছে না—এভাবে কি কোনও রাজ্য চলে?”

আরও পড়ুনঃ পাঁচ সংকটের বিশ্লেষণে রাজ্য সরকারের ব্যর্থতা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

এদিনের বক্তৃতায় প্রধানমন্ত্রী অপারেশন সিঁদুর (Operation Sindoor) প্রসঙ্গেও বক্তব্য রাখেন। তিনি বলেন, “বাংলা হল সিঁদুর খেলার মাটি, এখান থেকে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিতেই হবে।”

Advertisement
ads

তবে মোদীর সভার কিছু ক্ষণের মধ্যেই রাজ্য প্রশাসনের সদর দফতর নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে মোদীর সমস্ত অভিযোগের পাল্টা জবাব দেন। তিনি বলেন, “যখন আমরা দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছি, তখন উনি বিভাজনের রাজনীতি নিয়ে হাজির।” এদিন দক্ষিণবঙ্গের সম্ভাব্য ঘূর্ণিঝড় ও নিম্নচাপজনিত বৃষ্টির পূর্বাভাস জানিয়ে প্রস্তুতির কথাও জানান মুখ্যমন্ত্রী।

মোদীর ‘পাঁচ সংকট’ তত্ত্বকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “এসএসসি দুর্নীতির কথা বলছেন, অথচ কেন্দ্রীয় স্তরে NEET-সহ একাধিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার বরাদ্দ থেকে বাংলা বঞ্চিত—এসব তো মোদী সরকারেরই পরিকল্পিত বঞ্চনা।”

অপারেশন সিঁদুর নাম নিয়েও ক্ষোভ প্রকাশ করে মমতা বলেন, “এই নাম রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেওয়া হয়েছে। দেশের স্বার্থে কথা বলার সময় কেউ হোলি খেলতে আসে না।” এরপর প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “চা-ওয়ালা বলতেন, পরে পাহারাদার, এখন এসেছেন সিঁদুর বেচতে?”

প্রধানমন্ত্রীর সভায় ভিড় কম নিয়ে তৃণমূল কটাক্ষ করে জানায়, “উত্তরবঙ্গের মানুষ আর বিশ্বাস করেন না মোদীজিকে। তাই অসম থেকে লোক আনতে হয়েছে।”

Advertisement
ads

মমতা আরও বলেন, “আপনারা শুধু কুৎসা রটাতে আসেন। মনিপুরে যাননি, কারণ ওটা আপনাদের ব্যর্থতা। বাংলার জন্য ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা পাওনা রয়েছে—সেটা দিন, তারপর কথা বলুন।”

শেষে প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা এখন অনেক বেশি নিরাপদ। আপনি নির্বাচনের আগে এসে শুধু অপপ্রচার করেন। কিন্তু বাংলার মানুষ জানেন, কে প্রকৃত উন্নয়ন করেন আর কে শুধু কথা বলেন।”

Continue Reading
Advertisement