আত্মহত্যা
সুইসাইড নোটে শেষকৃত্যের দায়িত্ব আত্মীয়ের নামে, ২০ কোটি ঋণ ও হুমকিতে সপরিবারে আত্মহত্যা
ডিজিটাল ডেস্কঃ সড়কের পাশে গাড়ির ভিতর বিষপান করে সপরিবারে আত্মহত্যার শোকাবহ ঘটনা ঘটেছে। পাঁচকুলার (Panchkula) সেক্টর ২৭ এলাকায় উদ্ধার করা হয়েছে প্রবীণ মিত্তাল (Praveen Mittal) ও তাঁর পরিবারের ছয় সদস্যের মৃতদেহ। পুলিশ সূত্রে জানা যায়, ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। যদিও আত্মহত্যার প্রকৃত কারণ এখনও জানা যায়নি, তবে প্রবীণের এক আত্মীয় সন্দীপ আগরওয়াল (Sandeep Agarwal) বিষয়টি সম্পর্কে তথ্য দিয়েছেন।
সন্দীপ জানিয়েছেন, দেরাদুনের (Dehradun) ওই পরিবার বেশ কিছু বছর ধরে অর্থনৈতিক সংকটে ভুগছিল। ঋণের বোঝা বাড়তে থাকায় ব্যাঙ্ক তাদের কারখানা, দুটি ফ্ল্যাট ও গাড়ি বাজেয়াপ্ত করে। এর ফলে প্রবীণ মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। সন্দীপের কথায়, “গত পাঁচ বছর ধরে প্রবীণ কারও সঙ্গে যোগাযোগ রাখেননি। তার বাজারে প্রায় ২০ কোটি টাকা ঋণ জমে গিয়েছিল। শোধ না দেওয়ায় তার বিরুদ্ধে খুনের হুমকিও দেয়া হচ্ছিল। সম্ভবত এই কারণে আতঙ্কে পরিবার এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে।”
আরও পড়ুনঃ সপরিবারে আত্মহত্যা: গাড়ির ভিতরে ছড়ানো মৃতদেহ, বিষপানের আগে হয়েছিল পুজো
পুলিশ জানায়, আত্মহত্যার আগে প্রবীণ একটি সুইসাইড নোটও লিখে গেছেন, যেখানে সন্দীপকেই নিজের শেষকৃত্যের দায়িত্ব দেয়া হয়েছে।
পুলিশের অনুমান, তারা বাগেশ্বরধামে (Bageshwar) একটি ধর্মীয় উৎসবে অংশ নিয়ে পুজো শেষে দেরাদুন ফেরার পথে রাতের অন্ধকারে কোনো হোটেল না পেয়ে গাড়ির ভিতরেই বিষপান করেন।
পথচারীরা গাড়ির দরজা খুলে দেখেন, তিন শিশুসহ মোট ছয়জন নিহত, তাদের দেহে বমির চিহ্ন স্পষ্ট। গাড়ির ভেতর থেকে ভয়াবহ দুর্গন্ধ ছড়াচ্ছিল। পাশেই একজন ব্যক্তি জ্ঞানহীন অবস্থায় বসে ছিলেন, তিনি জানিয়েছেন তারা একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন এবং তিনি কিছুক্ষণের মধ্যেই মারা যাবেন।
