শিক্ষা
বিকাশ ভবনের অবস্থানে প্রতীকী ‘রবীন্দ্রনাথ’, হকের চাকরি ফিরে পেতে অনড় শিক্ষকরা
ডিজিটাল ডেস্কঃ হকের চাকরি ফেরানোর দাবিতে উত্তাল বিকাশ ভবনের সামনের এলাকা। বৃহস্পতিবার রাতে পুলিশের লাঠিচার্জে উত্তেজনা চরমে পৌঁছয়। তারই প্রতিবাদে আন্দোলন আরও তীব্রতর করার পথে হাঁটলেন চাকরিহারা যোগ্য শিক্ষকরা (SSC Unemployed Teachers)। শনিবার সেই অবস্থান মঞ্চে হাজির হন প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore), যা আন্দোলনে এনে দেয় এক অন্য মাত্রা।
আইএনটিইউসির (INTUC) সেবাদলের তরফে নেওয়া এই অভিনব কর্মসূচির মাধ্যমে আন্দোলনকারীদের প্রতি জানানো হয় নৈতিক সমর্থন। পুলিশের লাঠিচার্জকে ‘শিক্ষার অপমান’ বলে কটাক্ষ করেন প্রতীকী কবিগুরু। শান্তির বার্তা পৌঁছে দিতে তিনি পুলিশের হাতে তুলে দেন গোলাপ ফুলও।
আরও পড়ুনঃ পাকিস্তান স্পন্সরড সন্ত্রাস ফাঁস করতে বিদেশ সফরে যাচ্ছে সর্বদলীয় প্রতিনিধিদল
শুধু প্রতীকী কবিগুরুই নন, আন্দোলনে এবার যোগ দিতে চলেছেন ছাত্রছাত্রীরাও। ঘোষণা হয়েছে করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিলের। আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা— দাবি আদায় না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবে শিক্ষক সমাজ। স্কুল নয়, এবার স্কুলের বাইরেই চালানো হবে পাঠদান।
এর আগেই সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের এসএসসি প্যানেল। চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও কর্মী। সেই রোষে এবার আরও বিস্ফোরক হচ্ছে আন্দোলনের রূপ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার সুযোগ চেয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে আবেদন জানিয়েছেন শিক্ষকরা।
আন্দোলনকারীদের বিশ্বাস, ন্যায়বিচার নিশ্চিত করতে এই লড়াইয়ের পাশে সমাজের প্রতিটি স্তরের মানুষের দাঁড়ানো এখন অত্যন্ত জরুরি।
