হামলা
পাকিস্তানে আর নিরাপদ নয়, ক্রিকেটারদের ফিরিয়ে আনছে বাংলাদেশ
ডিজিটাল ডেস্কঃ ভারত-পাকিস্তানের চলমান সংঘাত এবার পৌঁছেছে ক্রীড়াক্ষেত্রে। ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর পর দুই দেশের মধ্যে চরম উত্তেজনার জেরে এবার অনিশ্চয়তার মুখে পাকিস্তান সুপার লিগ (PSL)। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, টুর্নামেন্ট মাঝপথেই বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ অবস্থায় পাকিস্তানে পিএসএল খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার—নাহিদ রানা (Nahid Rana) এবং রিশাদ হোসেন (Rishad Hossain)-কে দ্রুত ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)।
সূত্রের খবর, পাকিস্তানে রাওয়ালপিণ্ডি (Rawalpindi) স্টেডিয়ামের ওপর ভারতের ড্রোন হামলায় স্টেডিয়ামটি ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা সংকট তৈরি হওয়ায় শেষ মুহূর্তে সেখানকার ম্যাচ সরিয়ে নেওয়া হয় করাচিতে (Karachi)। তবে পিসিবি (PCB) জানিয়েছে, বাকি ম্যাচগুলো করাচিতে হবে বলেই আপাত পরিকল্পনা। যদিও যুদ্ধ পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট বন্ধ হয়ে যেতে পারে বলেই অনেকের ধারণা।
আরও পড়ুনঃ ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলার পর দিল্লিতে রাজনাথের নেতৃত্বে উচ্চপর্যায়ের সেনা বৈঠক
এই অবস্থায় নাহিদ ও রিশাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার এবং বিসিবি সক্রিয় ভূমিকায় নেমেছে। বিসিবির তরফে জানানো হয়েছে, ক্রিকেটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। দ্রুত তাঁদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জানা গিয়েছে, প্রথমে দুবাই পর্যন্ত একটি চার্টার্ড ফ্লাইটে পাঠানো হবে, সেখান থেকে কমার্শিয়াল বিমানে বাংলাদেশে ফেরানো হবে তাঁদের।
এদিকে যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে ভারতের ঘরোয়া ক্রিকেটেও। সেনাবাহিনীর (Indian Armed Forces) প্রত্যাঘাতের পর দেশের সীমান্তবর্তী ১৮টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে করে আইপিএল (IPL) খেলোয়াড়দের যাতায়াত ব্যবস্থায় পরিবর্তন এসেছে। বিশেষ করে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)-এর মতো দলগুলিকে বিমানযাত্রার বদলে সড়কপথে সফর করতে হচ্ছে।
তবে সবমিলিয়ে এখন সবচেয়ে বেশি চাপে রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেকোনও মুহূর্তে পিএসএল বাতিলের সিদ্ধান্ত নিতে হতে পারে তাঁদের। সেই দিক থেকে আগাম প্রস্তুতি নিচ্ছে বিসিবি, যাতে তাদের দুই ক্রিকেটার নিরাপদে ফিরতে পারেন।
