খেলার খবর
সন্ত্রাসের প্রতিবাদে কঠোর বার্তা সৌরভের, পাকিস্তানের সঙ্গে সমস্ত ক্রিকেট বন্ধের দাবি
ডিজিটাল ডেস্কঃ কাশ্মীরের পহেলগাঁওয়ে রক্তাক্ত হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার দাবি জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রাক্তন ভারত অধিনায়ক ও বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি স্পষ্ট করে বলেছেন, সন্ত্রাস আর খেলা কখনও একসঙ্গে চলতে পারে না। তাঁর কথায়, ‘‘প্রতিবছরই একই ছবি। আর নয়। পাকিস্তানের সঙ্গে সমস্তরকম ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত।’’
প্রসঙ্গত, ২০১২-১৩ সালের পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হয়নি। দু’দল এখন কেবলমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টে মুখোমুখি হয়। তবে পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর হামলার পর ক্রিকেটমহলে ফের উঠেছে পাক বয়কটের দাবির ঝড়। সৌরভ সেই দাবিকে শক্ত ভিত দিলেন।
আরও পড়ুনঃ শ্রীনগরে রাহুল গান্ধী! দেখা করলেন আহতদের সঙ্গে
সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেন, “১০০ শতাংশ পাকিস্তানের সঙ্গে ক্রিকেট বন্ধ হওয়া উচিত। প্রতিবারই আমরা দেখি একই রকম সন্ত্রাসী আক্রমণ। এটা আর সহ্য করা সম্ভব নয়। কঠোর সিদ্ধান্ত এখন প্রয়োজন।”
এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ সূত্রে জানা গিয়েছে, বিসিসিআই ইতিমধ্যেই পাকিস্তানের সঙ্গে যাবতীয় ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার বিষয়ে চিন্তাভাবনা শুরু করেছে। শোনা যাচ্ছে, ভবিষ্যতের আইসিসি ইভেন্টগুলিতে ভারত যাতে পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে না পড়ে, সেই চেষ্টাও চালানো হচ্ছে। যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও বিসিসিআই কিছু জানায়নি।
সৌরভের মতে, “যদি বোর্ড সত্যিই এই নিয়ে আইসিসিতে চিঠি দিয়ে থাকে, সেটা যথাযথ পদক্ষেপ। দেশের স্বার্থে এরকম সিদ্ধান্তই নেওয়া উচিত।”
এছাড়া, বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লাও জানিয়েছেন, পাকিস্তানের সঙ্গে ভবিষ্যতে দ্বিপাক্ষিক সিরিজের কোনও সম্ভাবনা নেই। এমনকি আইসিসি বা এসিসির মঞ্চেও পাকিস্তানের সঙ্গে ম্যাচ এড়ানোর চেষ্টা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে এবার পাক ক্রিকেট সম্পর্কেও যে বড়সড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে, তা বলাই যায়।
