ডিজিটাল ডেস্কঃ কোচবিহারের তুফানগঞ্জে এক বাংলাদেশি যুবককে গাছে বেঁধে বেধড়ক মারধরের ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় এক মহিলার সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’-এর অভিযোগে উত্তেজিত জনতা ওই যুবককে শারীরিক ভাবে নিগ্রহ করে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি।
জানা গিয়েছে, আক্রান্ত যুবকের নাম মানিক ব্যাপারী। পুলিশ সূত্রে খবর, তিনি বাংলাদেশি নাগরিক এবং ২০২৩ সালে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। সম্প্রতি তুফানগঞ্জে বসবাস করছিলেন তিনি। এর আগে দেশের নানা প্রান্তে, এমনকি দিল্লি ও মুম্বইয়েও কাজ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, মানিকের সঙ্গে এলাকার এক মহিলার ‘অবৈধ সম্পর্ক’ গড়ে উঠেছিল। এই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে ধলপল এলাকায় একদল মানুষ তাঁকে গাছে বেঁধে মারধর করে। পরে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে। ঘটনার পর ওই যুবক এবং অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুনঃ ফের ভাইজানকে খুনের হুমকি! স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের থানায়
কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য জানিয়েছেন, ‘‘১৩ এপ্রিল রাতে ধলপল এলাকায় এক মহিলার সঙ্গে সম্পর্কের অভিযোগে এক যুবককে মারধর করা হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক। তাঁকে ‘ফরেনার্স অ্যাক্ট’-এর ১৪(এ) ধারায় গ্রেফতার করা হয়েছে।’’
পাশাপাশি, অভিযুক্ত মহিলার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে গোটা ঘটনার তদন্তে নেমেছে তুফানগঞ্জ থানার আধিকারিকরা।
এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, জনতা নিজের হাতে আইন তুলে নিচ্ছে কেন? পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।